দিনাজপুর মধ্যপাড়ার একমাত্র কঠিন শিলা খনিতে টানা ২ সপ্তাহ বন্ধ থাকার পর আবারো পাথর উত্তোলন শুরু হয়েছে। রবিবার সকাল থেকে খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) পুরোদমে পাথর উত্তোলন শুরু করেছে।
সংশ্লিষ্টরা জানায়, খনি থেকে প্রতিদিন গড়ে প্রায় সাড়ে পাঁচ হাজার মেট্রিক টন পাথর উত্তোলন করে খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জিটিসি। তবে পাথর উৎপাদন ও উন্নয়ন কাজে প্রয়োজনীয় বিস্ফোরক দ্রব্য (অ্যামোনিয়াম নাইট্রেট) এর অভাবে চলতি মাসের ১২ মার্চ সকাল থেকে পাথর উত্তোলন বন্ধ করে দেয় খনির ঠিকাদারি প্রতিষ্ঠানটি।
সূত্র মতে বিস্ফোরক দ্রব্য (অ্যামোনিয়াম নাইট্রেট) খনি কর্তৃপক্ষ (এমজিএমসিএল) সরবরাহ করার দায়িত্ব থাকলেও সময় মতো তা সরবরাহ না করায় খনির উৎপাদন বন্ধ করে দেয় ঠিকাদারী প্রতিষ্ঠান। সেই সময় মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লি. (এমজিএমসিএল) জানান, কোভিড-১৯ পরিস্থিতি ও সাম্প্রতিক ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারনে সময় মতো বিস্ফোরক দ্রব্য আমদানী করা সম্ভাব হয়নি, তবে আগামী দুই সপ্তাহের মধ্যে খনিতে বিস্ফোরক দ্রব্য সরবরাহ করা হবে। এরই প্রেক্ষিতে শনিবার ২৬ মার্চ) খনি কর্তৃপক্ষ (এমজিএমসিএল) বিস্ফোরক দ্রব্য সরবরাহ করেন এবং রবিবার ২৭ মার্চ থেকে খনির ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানীয়া-ট্রেস্ট কনসোর্টিয়াম (জিটিসি) আবারো খনির ভু-গর্ভ থেকে পাথর উত্তোলন শুরু করে।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানী লি. (এমজিএমসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু দাউদ মুহাম্মদ ফরিদুজ্জামান বিষয়টি নিশ্চত করে বলেন, রবিবার সকাল থেকে মধ্যপাড়া খনি থেকে পুণরায় আবারো পাথর উত্তোরন শুরু হয়েছে।









