চলতি সপ্তাহে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতের কারণেই তেহরানের ইমাম খামেনি বিমান বন্দর থেকে উড্ডয়নের পর ১৭৬ জন যাত্রী নিয়ে বিধ্বস্ত হয় ইউক্রেনগামী বোয়িং-৭৩৭ বিমান পিএস৭৫২। শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক খবরে জানানো হয় এমনটাই স্বীকার করে নিয়েছে ইরানের সেনাবাহিনী। খবর বিবিসি'র।
শনিবার ইরান সেনাবাহিনীর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে জানানো হয়, অনিচ্ছাকৃতভাবে ইউক্রেনের ওই বিমানটিকে লক্ষ্য করে হামলা চালানো হয় । এটিকে মানবীয় ভুল বলেও স্বীকার করেছে ইরান। তবে ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে এই ভুলের পেছনে যারা দায়ী তাদেরকে কঠোর জিজ্ঞাসাবাদ করা হবে।
গেল সপ্তাহের বুধবার (৮ জানুয়ারি) ইরানের খামেনি বিমানবন্দর থেকে উড্ডয়নের সঙ্গে সঙ্গেই বিধ্বস্ত হয় ইউক্রেনগামী পিএস৭৫২ বিমানটি। এতে বিমানে থাকা ১৭৬ যাত্রী ও ক্রুর সবাই প্রাণ হারান। তাদের মধ্যে ইরানের ৮২, কানাডার ৬৩, ইউক্রেনের ১১, সুইডেনের ১০, চারজন আফগানিস্তান, তিনজন জার্মানি এবং অপর তিনজন ব্রিটিশ নাগরিক ছিলেন।
বিমান বিধ্বস্ত হওয়ার এই নিন্দাজনক ঘটনায় কানাডা, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব সকলেই ইরানকে দায়ী করে। তবে ইরানের বরাবরই দাবি ছিল, যান্ত্রিক ত্রুটির কারণেই ইউক্রেনের বিমানটি বিধ্বস্ত হয়।
আনন্দবাজার/শাহী









