এবার ঘোড়ার শরীরে অ্যান্টিবডি তৈরি করার মাধ্যমে করোনার চিকিৎসা পদ্ধতি নিয়ে গবেষণা চলছে। ভারতের হায়দ্রাবাদ ইউনিভার্সিটি এবং সেন্টার ফর সেল্যুলার অ্যান্ড মলিক্যুলার বায়োলজি-এর যৌথ উদ্যোগে এই গবেষণা পরিচালিত হচ্ছে।
জানা গেছে, একদল গবেষক ঘোড়ার শরীর থেকে তৈরি অ্যান্টিবডি সংগ্রহ করে এই চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এটিই প্রথম প্রচেষ্টা নয়। চিকিৎসা বিজ্ঞান এর আগেও বহুবার ঘোড়ার কাছে ঋণী হয়েছে। ঘোড়ার শরীরের অ্যান্টিবডি দিয়ে বিভিন্ন মারণ রোগের চিকিৎসা হয়েছে একাধিকবার।
পূর্বে ঘোড়ার অ্যান্টিবডি অ্যান্টি-ভেনম, অ্যান্টি-টক্সিন বা অ্যান্টি ভাইরাল তৈরির কাজে লাগানো হয়েছে। এবার করোনাভাইরাসের ক্ষেত্রে তার সফল প্রয়োগ নিয়ে পরীক্ষা করা হচ্ছে। নিষ্ক্রিয় হয়ে যাওয়া করোনাভাইরাস দিয়ে ঘোড়ার শরীরে অ্যান্টিবডি তৈরি করা হবে। করোনা আক্রান্তের শরীরে প্রয়োগ করে ভাইরাস নিষ্ক্রিয় হচ্ছে কিনা, সেটাই পরীক্ষা করা হবে। এ গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন হায়দ্রাবাদ ইউনিভার্সিটির ড. নইরুদ্দিন খান।
আনন্দবাজার/শহক








