আবারও একটি বিশাল আকারের গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে। ওই গ্রহাণুটি মিশরের গিজার গ্রেট পিরামিডের আকারের চেয়ে দ্বিগুণ বড়। মার্কিন গবেষণা সংস্থা নাসা তাদের ওয়েবসাইটে এসব তথ্য জানিয়েছে।
নাসা জানিয়েছে, আগামী রোববার ওই গ্রহাণুটি বাংলাদেশ সময় বিকাল চারটার দিকে পৃথিবীর ঘা ঘেঁষে চলে যাবে। ওই গ্রহাণুটির উচ্চতা প্রায় ৮৮৬ ফুট। গ্রহাণুটির নাম ৪৬৫৮২১ (২০১০এফআর)। এটি প্রায় ১০ বছর আগে প্রথম নজরে এসেছিল নাসার। পৃথিবীর খুব কাছে চলে আসা গ্রহাণু-ধুমকেতূদের ‘নিয়ার-আর্থ অবজেক্ট’ বা এনইও হিসেবে চিহ্নিত করে নাসা। ওই গ্রহাণুটি সেই গোত্রেই পড়ছে। এটি সূর্য থেকে ১৯.৪৫ কোটি কিমি দূরে রয়েছে।
ওই গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষের কোনো সম্ভাবনা আছে কিনা এ ব্যাপারে ‘সেন্টার ফর নিয়ার-আর্থ অবজেক্ট স্টাডিজ’এর গবেষকরা আশ্বস্ত করে বলেন, ভয়ের কোনও কারণ নেই। পৃথিবীর ধার ঘেঁষে এই গ্রহাণুটি চলে যাবে। এর সঙ্গে পৃথিবীর সংঘর্ষের কোনরকম সম্ভাবনা নেই।
গবেষকরা আরও বলেছেন, এই ধরনের গ্রহাণুর সঙ্গে সাধারণত পৃথিবীর সংঘর্ষের সম্ভাবনা কমই থাকে। তবে কখনও কখনও অন্য গ্রহের সঙ্গে মহাকর্ষীয় টানের কারণে তারা আচমকাই অনেকটা কাছে চলে আসে। তাছাড়াও অনেক ক্ষেত্রে গ্রহাণুর মতো ছোট মহাজাগতিক বস্তু সূর্যের আলো শুষে উত্তপ্ত হয়ে তাপ নির্গত করে। এর ফলেও তাদের গতিবিধিতে পরিবর্তন লক্ষ্য করা যায়। একে ‘ইয়ার্কোভস্কি এফেক্ট’ বলে।
আনন্দবাজার/টি এস পি









