সপ্তাহের ব্যবধানে আবারও বেড়েছে সব ধরনের সবজির দাম। শীতের শেষে বাজারে আসতে শুরু করেছে সজনে ডাঁটা। তবে বিক্রি হচ্ছে বেশ চড়া দামে। প্রতিকেজি সজনে বিক্রি হচ্ছে ৩০০ টাকায়।
বাজারে সব ধরনের সবজি পর্যাপ্ত সরবরাহ থাকা সত্ত্বেও বাজারে বেড়েছে সবজির দাম। বর্তমানে প্রতিকেজি নতুন আলু ২০ টাকা, বেগুন ৮০ টাকা, মুলা ৪০ টাকা, কাঁচা পেঁপে ৪৫ টাকা, টমেটো ৪০ টাকা, মটরসুটি ৬০ টাকা, কাঁচা মরিচ ১২০ টাকা, শিম ৫০ টাকা, সিমের বিচি ৮০ টাকা, করলা ১২০ টাকা, পটল ১৬০ টাকা কেজি, শসা ৬০ টাকা, গাজর ৪০ টাকা, ঢেঁড়স ১২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
এছাড়া বাজারে প্রতি পিস বড় সাইজের ফুলকপি ও বাঁধাকপি ৩০ টাকা, মিষ্টি কুমড়া ৫০ টাকা পিস, লাউ ৭০ টাকা পিস বিক্রি হচ্ছে।
ব্যবসায়ীরা জানান, বাজারে গত সপ্তাহের তুলনায় সব ধরনের সবজির দাম খানিকটা বেড়েছে। আর সজনে ডাঁটা বাজারে নতুন উঠেছে। আসছেও কম, ফলে দামটা বেশি। আমরা পাঁচ কেজির পাল্লা কিনি ১১০০ টাকায়। অর্থাৎ ২৪০ টাকা কেজি পাইকারি কিনি এবং ৩০০ টাকা কেজি খুচরা বিক্রি করছি।
আনন্দবাজার/ টি এস পি









