চীন-ভারতের মধ্যে লাদাখে গালওয়ান উপত্যকায় নিয়ে যুদ্ধ পরিস্থিতি তৈরি হওয়ার পর টিকটকসহ ৫৯টি চীনা অ্যাপ নিষিদ্ধ করেছে ভারত। এরপর এসব অ্যাপের বিকল্প বের করতে বিভিন্ন সফটওয়্যার কোম্পানিকে নতুন নতুন অ্যাপ বানানোর আহবান জানান দেশটির সরকার। সেই ধারাবাহিকতায় ফেসবুক-ইনস্টাগ্রামের বিকল্প হিসেবে 'এলিমেন্টস' নামে একটি অ্যাপের উদ্বোধন করেছে দেশটি।
গতকাল রোববার এক ভার্চুয়াল সভায় এই অ্যাপটি উদ্বোধন করেন দেশটির উপ-রাষ্ট্রপতি ভেংকাইয়া নাইডু।
নায়ডু বলেন, অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, এক হাজারেরও বেশি ইঞ্জিনিয়ার, যারা কি না আবার শ্রী শ্রী রবিশংকর আর্ট অব লিভিং ফাউন্ডেশনের ভলেন্টিয়ারও, তারাই খাঁটি দেশি অ্যাপটি তৈরি করেছেন। এর নাম এলিমেন্টস। মোট আটটি ভারতীয় ভাষায় অ্যাপটি ব্যবহার করা যাবে।
ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিনিদের খবরে বলা হয়, এটিই ভারতের প্রথম সম্পূর্ণ দেশীয় ‘সোশ্যাল মিডিয়া সুপার অ্যাপ’। এক হাজারেরও বেশি ইঞ্জিনিয়ার মিলে এই অ্যাপটি তৈরি করেছেন।
জানা যায়, অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপেল স্টোর থেকে লাউনলোড করে নিতে হবে। এরইমধ্যে এক লাখের বেশি মানুষ অ্যাপটি লাউনলোড করেছেন।
ফেসবুকের মতো এ অ্যাপে বন্ধু-পরিবার-পরিজনদের সঙ্গে যোগাযোগ রাখা যাবে। এছাড়া থাকছে নানা আকর্ষণীয় ফিচারও। ক্যামেরায় থাকছে ইন-বিল্ড ফিল্টার ও অগমেন্টেড রিয়ালিটি ফিগার। চ্যাটিংও থাকছে। মিলবে খবরের সমস্ত আপডেট। ইউজারদের তথ্য সুরক্ষিত রাখার ব্যাপারেও বিশেষ নজর দেওয়া হয়েছে।
আনন্দবাজার/টি এস পি









