বর্তমানে রোহিত শর্মা সীমিত ওভারের ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান। যেকোন দিন, যেকোন প্রতিপক্ষের বিপক্ষে বলে-কয়ে রানের ফোয়ারা ছোটাতে পারেন ভারতের এ উদ্বোধনী ব্যাটসম্যান। গত বিশ্বকাপে এক আসরেই পাঁচ সেঞ্চুরি হাঁকিয়ে গড়েছেন বিশ্বরেকর্ড।
কিন্তু তার ব্যাটিংয়ের কারণে আড়াল হয়ে যায় অধিনায়কত্ব গুণ। তিনি আইপিএল ইতিহাসের সফলতম অধিনায়ক। তার নেতৃত্বে চারবার আইপিএল শিরোপা জিতেছে মুম্বাই ইন্ডিয়ানস। শুধু আইপিএল নয়, জাতীয় দলের অধিনায়ক হিসেবেও ২০১৮ সালে জিতেছেন এশিয়া কাপ ও নিদাহাস ট্রফি।
নিয়মিত অধিনায়ক বিরাট কোহলির অনুপস্থিতিতে যতবারই দায়িত্ব পেয়েছেন, সাফল্যের মুখ দেখেছেন প্রতিবার। অনেকে তো প্রায়ই দাবি তোলেন কোহলিকে বাদ দিয়ে রোহিতকেই অধিনায়কত্ব সঁপে দেয়ার। যদিও সে দাবি ধোপে টেকে না।
কিন্তু অধিনায়ক হিসেবে রোহিতের এত ভালো করার রহস্যটা কী? সেটা জানিয়ে মুম্বাই ইন্ডিয়ানসের কোচ মাহেলা জয়াবর্ধনে বলেন, ‘রোহিত একজন সহজাত অধিনায়ক। তবে একই সঙ্গে সে অনেক তথ্য যোগাড় করে নেয়। আমি মনে করি এটাই তার শক্তিমত্তা।’
মাহেলা আরও বলেন, ‘রোহিত সবসময় অনেক বেশি তথ্য জেনে নেয়ার চেষ্টা করে। এটা তার ভাল লাগে এবং এগুলো সে যথাসময়ে মাঠের মধ্যে কাজে লাগায়। এভাবেই আসলে সে বিষয়গুলো মোকাবিলা করে। সবাই হয়তো ভাবে সে সহজাতভাবে সিদ্ধান্ত নিচ্ছে কিন্তু এর পেছনে যথাযথ যুক্তি ঠিকই থাকে। নিজের প্রস্তুতি ঠিক করেই মাঠে নামে।’
আনন্দবাজার/এস.কে









