মানব মনের গভীর দিকগুলো (মানসিক চাপ, অনুভূতি, স্মৃতি, ভয়) নিয়ে দীর্ঘ দিন ধরে আলো ফেলার জন্য ভারতীয় বাঙালি স্নায়ুবিজ্ঞানী সুমন্ত্র চ্যাটার্জি গবেষণার খ্যাতি রয়েছে আন্তর্জাতিক স্তরে। এবার ইউরোপিয়ান মলিকিউলার বায়োলজি অর্গানাইজেশন (এমবো) বিরল সম্মান জানালেন সেই ভারতীয় বাঙালি স্নায়ুবিজ্ঞানী সুমন্ত্র চ্যাটার্জিকে।
জীববিজ্ঞানে তার আজীবন অবদানের জন্য অ্যাসোসিয়েট সদস্য করা হলো ভারতের বেঙ্গালুরুর ন্যাশনাল সেন্টার ফর বায়োলজিক্যাল সায়েন্সেস-এর (এনসিবিএস) সিনিয়র প্রফেসর ও সেন্টার ফর ব্রেন ডেভেলপমেন্ট অ্যান্ড রিপেয়ার-এর অধিকর্তা সুমন্ত্রকে, যাকে 'সোনা' নামেই একডাকে চেনে বিজ্ঞান মহল।
সুমন্ত্র প্রথম বাঙালি এবং ভারতের প্রথম স্নায়ুবিজ্ঞানী, যিনি এই সম্মান পেলেন। ভারতের বিজ্ঞান-মুকুটে এই সম্মান দুর্লভ। কারণ ভারত থেকে এই সম্মান এর আগে পেয়েছেন মাত্র ৪ জন বিজ্ঞানী। যাদের মধ্যে অন্যতম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখ্য বৈজ্ঞানিক উপদেষ্টা কে বিজয় রাঘবন। গত ৫৭ বছরে এমবো-র এক হাজার আট শতাধিক সদস্যের মধ্যে রয়েছেন ৮৮ জন নোবেলজয়ী বিজ্ঞানী।
আনন্দবাজার/এস.কে









