- পাম তেল রপ্তানি
ইন্দোনেশিয়ায় দেশীয় বাজারে রান্নার তেল সরবরাহ পরিস্থিতির উন্নতি ঘটায় পাম তেল রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। আগামী ২৩ মে থেকে পাম তেল রপ্তানি করা হবে।
গতকাল বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো জানান, দেশে রান্নার তেলের সরবরাহ এখন অভ্যন্তরীণ বাজারে যা প্রয়োজন তার চেয়ে বেশি স্তরে পৌঁছেছে। রপ্তানি নিষেধাজ্ঞার আগে দেশটিতে এপ্রিল মাসে রান্নার তেলের গড় মূল্য ছিল প্রতি লিটার ১৯ হাজার ৮০০ রুপিয়া এবং নিষেধাজ্ঞার পরে গড় দাম প্রতি লিটারে প্রায় ১৭ হাজার ২০০ থেকে ১৭ হাজার ৬০০ রুপিয়ায় নেমে এসেছে।
ইন্দোনেশিয়া অভ্যন্তরীণ বাজারে মূল্য নিয়ন্ত্রণের উপায় হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত উদ্ভিজ্জ তেল রপ্তানিতে এই নিষেধাজ্ঞা আরোপ করেছিল। পরে দেশটির কৃষকরা সরকারের রপ্তানি নিষেধাজ্ঞার প্রতিবাদে আন্দোলন শুরু করেন। নিষেধাজ্ঞার কারণে পাম ফলের কোনো চাহিদা নেই বলে জানান কৃষকরা। কৃষকদের চাপের মুখে দেশটির সরকার রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে বাধ্য হলো।
বিশ্বের শীর্ষ পাম তেল রপ্তানিকারক এই দেশটি গত ২৮ এপ্রিল অপরিশোধিত পাম তেল (সিপিও) এবং কিছু পণ্যের রপ্তানি বন্ধের ঘোষণা দেয়। এই নিষেধাজ্ঞার মাধ্যমে দেশটিতে রান্নার তেলের ক্রমবর্ধমান মূল্য নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়।









