কণ্ঠশিল্পী ঐশী মেলো-রোমান্টিক, ফোক ফিউশন থেকে শুরু করে নানা ধরনের গান করেছেন। এবার তিনি গাইলেন বিদ্রোহী কবির গান। এই কণ্ঠশিল্পী কাজী নজরুল ইসলামের 'কথা কও কও কথা' গানটি সম্প্রতি নিজের ফেসবুক পেজে প্রকাশ করেছেন।
ঐশী বলেছেন, "করোনার এই বন্দি সময়কে কাজে লাগাতে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার আয়োজিত নজরুলসংগীতের একটি অনলাইন কোর্সে অংশ নিয়েছিলাম। পাশাপাশি বরেণ্য শিল্পী ও শিক্ষক সুজিত মোস্তফার কাছে গান শেখা। নজরুলের 'কথা কও, কও কথা' গানটিও শিখেছি তার কাছে। গান প্রকাশ করার বিষয়েও অনুপ্রারণা জুগিয়েছেন তিনি। ছোটবেলা থেকে নানা ধরনের গানই করছি। কিন্তু নজরুলের আধুনিক অঙ্গের এই গান গেয়ে এত সাড়া পাব, সত্যি ভাবিনি।"
নজরুলসংগীতে কণ্ঠ দেওয়া ছাড়াও ঐশী এখন নতুন গানের আয়োজন নিয়ে ব্যস্ত। এর মধ্যেই তিনি 'কী করে বলো এত ভালোবাসো' শিরোনামের একটি গান নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছেন। গানটি লিখেছেন মেহেদী হাসান লিমন ও সুর-সংগীত করেছেন শাহরিয়ার আলম মার্সেল।
আনন্দবাজার/এস.কে









