খুলনায় উৎপাদিত হচ্ছে বিষমুক্ত শাক-সবজি। খুলনার ডুমুরিয়া উপজেলার বরাতিয়া ও গজেন্দ্রপুর গ্রামের কৃষকেরা উৎপাদন করছেন এই শাক-সবজি।
সম্পূর্ণ পরিবেশবান্ধব, রাসায়নিক সার ও রাসায়নিক বালাইনাশক ছাড়াই সবজি আবাদ করছেন তারা। ফলে উৎপাদন একটু কম হলেও মানুষকে বিষমুক্ত শাকসবজি খাওয়াতে পারছে এই ভেবে গর্বিত তারা।
কৃষকরা বলেন, আগে আমরা জমিতে রাসায়নিক সার ব্যবহার করতাম। কীটনাশক স্প্রে করতাম। বিভিন্ন জাতের শাকসবজি আবাদ করেছি। তবে আমরা জানতাম না, এ সব ফসল বিষাক্ত। এসব খেয়ে মানুষেরা নানা রোগব্যাধিতে আক্রান্ত হতেন। কৃষি বিভাগের কাছ থেকে জানতে পারি, রাসায়নিক সার, কীটনাশক প্রয়োগে জমির ফসল বিষে পরিণত হয় এবং মাটির উর্বরতা শক্তি হারিয়ে ফেলে। আমরা সিদ্ধান্ত নিয়েছি মানুষকে আর বিষ খাওয়াব না।
ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: মোসাদ্দেক হোসেন জানান, নিরাপদ কৃষি গ্রাম হচ্ছে একটি পরীক্ষামূলক কার্যক্রম। প্রকৃতপক্ষে কৃষিকে বিষমুক্ত করে নিরাপদ খাদ্য করতেই এ উদ্যোগ। এতে কৃষকের সাড়া মিলছে প্রচুর।
খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ মো: নজরুল ইসলাম বলেন, বর্তমানে যে সব সবজির আবাদ হচ্ছে তাতে কীটনাশক ব্যবহার না করলে ভাল ফলন পাওয়া যায় না। তবে আমরা বিষমুক্ত সবজি আবাদের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। মাঠ পর্যায়ে এ বিষয়ে নিয়মিত কৃষকদের প্রশিক্ষণও দেয়া হচ্ছে।
আনন্দবাজার/ টি এস পি









