দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারি বাজারে ভারতীয় পেঁয়াজের দাম কমেছে প্রতি কেজিতে ৩ থেকে ৪ টাকা। এক সপ্তাহ আগে প্রকার ভেদে বিক্রি হয়েছিল ৩৮ থেকে ৩৯ টাকা কেজি দরে ভারতীয় পেঁয়াজ। সেই পেঁয়াজই বর্তমানে ৩৫ থেকে ৩৬ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। হিলি বন্দরে পেঁয়াজের দাম কমায় একটু খুশি পাইকাররা। এদিকে খুচরা বাজারে কমেছে কেজিতে ৪ টাকা। তবে খুচরা বাজারে দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০ টাকা কেজি দরে।
হিলি উদ্ভিদ সঙ্গে নিরোধ কেন্দ্র সূত্রে জানা গেছে, সরকার ভারত থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দেয়া অব্যাহত রাখলেও সময়সীমা আগামী ২৯ মার্চ পর্যন্ত বেঁধে দিয়েছন। আর এ কারণে ভারতীয় পেঁয়াজের আমদানি খানিকটা বেড়ে গিয়েছে। আর প্রতিদিন গড়ে ৩০ থেকে ৩২ ভারতীয় ট্রাকে পেঁয়াজ আমদানি হচ্ছে হিলি স্থলবন্দর দিয়ে।
হিলি কাস্টমসের তথ্যমতে, ভারতীয় পেঁয়াজ আমদানি দ্বিগুন বেড়ে গেছে। গত এক সপ্তাহে ১২৭ ভারতীয় ট্রাকে ৩ হাজার ৬১৭ টন পেঁয়াজ আমদানি হলেও গত ৪ কর্মদিবসে ভারতীয় ১২৮ ট্রাকে ৩ হাজার ৬১১ টন পেঁয়াজ আমদানি হয়েছে এ বন্দর দিয়ে।









