- দুই কোটি টন খাদ্য আটকে রেখেছে রাশিয়া
রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের বন্দর অবরোধের মাধ্যমে দেশটির দুই কোটি ২০ লাখ টন খাদ্যশস্য রপ্তানি আটকে দেওয়ার অভিযোগ করেছে কিয়েভ। গত শুক্রবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এমন অভিযোগ করেছেন।
ভলোদিমির জেলেনস্কি বলেন, ইউক্রেনের প্রায় অর্ধেক খাদ্যশস্য রপ্তানি বর্তমানে আটকে আছে। কারণ রাশিয়া কৃষ্ণ সাগর এবং আজভ সাগরের মধ্য দিয়ে রপ্তানির প্রধান রুটটি অবরোধ করে রেখেছে। এমন পরিস্থিতিকে বৈশ্বিক খাদ্য নিরাপত্তার জন্য সম্ভাব্য ‘বিপর্যয়’ হিসেবে আখ্যায়িত করেন ইউক্রেনের প্রেসিডেন্ট।
জেলেনস্কি বলেন, দুই কোটি ২০ লাখ টন খাদ্যশস্য গুদামজাত করে রাখা হয়েছে। আমরা সেগুলো আন্তর্জাতিক বাজারে সরবরাহ করতে পারছি না। অথচ এই সময়ে বিশ্ব বাজারে এসব খাদ্যশস্যের চাহিদা রয়েছে।
এর আগে মস্কোর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ভ্লাদিমির পুতিন জোর দিয়ে বলেছেন রাশিয়ান ফেডারেশন শস্য ও সার রপ্তানির মাধ্যমে খাদ্য সংকট কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে প্রস্তুত। তবে শর্ত থাকে যে পশ্চিমাদের আরোপ করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নিষেধাজ্ঞা তুলে নিতে হবে।’
রাশিয়ার অবস্থানকে ‘ব্ল্যাকমেইল’ হিসেবে আখ্যা দিয়েছে ইউক্রেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধের ফলে সৃষ্ট খাদ্য সংকটকে অস্ত্র বানিয়ে ‘বিশ্বের কাছ থেকে মুক্তিপণ আদায়ের চেষ্টা’ করছেন পুতিন।









