বৈশ্বিক বাজারে ফের কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। গতকাল মঙ্গলবার বিশ্ব বাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুড তেলের দাম ৯৪.২৬ ডলার থেকে ৮৪ সেন্ট (দশমিক ৯ শতাংশ) কমে হয়েছে ৯৩ দশমিক ৪২ ডলার।
আর ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুড তেলের প্রতি ব্যারেলের দাম ৮৮ দশমিক ৯৬ ডলার থেকে ৪৫ সেন্ট (দশমিক ৫ শতাংশ) কমে হয়েছে ৮৮ দশমিক ৫১ ডলার। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালের আগস্টের তুলনায় চলতি বছরের আগস্টে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমেছে প্রায় ৩ শতাংশ।
সোমবারও বিশ্ব বাজারে ব্রেন্ট ক্রুড ফিউচারের দাম প্রতি ব্যারেলে (এক ব্যারেল=১৫৯ লিটার) ৮৯ সেন্ট বা শূন্য দশমিক ৯ শতাংশ কমে ৯৭.২৬ ডলারে দাঁড়ায়। সোমবার প্রথম সেশনে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের প্রতি ব্যারেলের দাম ৮২ সেন্ট কমে ৯১.২৭ ডলারে হয়। আর প্রথম সেশনে এই তেলের দাম কমে যায় ২ দশমিক ৪ শতাংশ।
গত ফেব্রুয়ারির শেষ দিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বাঁধার পর থেকেই মন্দাভাব শুরু হয়েছে জ্বালানি তেলের বাজারে। জ্বালানি তেলের আন্তর্জাতিক বাজার পর্যবেক্ষণকারী বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, শতাংশ হিসেবে গত ৬ মাসে বিশ্ব বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম কমেছে ১৩ দশমিক ৭ শতাংশ ও ডব্লিউটিআইয়ের দাম কমেছে ৯ দশমিক ৭ শতাংশ।









