- নিম্নচাপে উপকূলে ৩ নম্বর সতর্কতা
বঙ্গোপসাগরের দুবলার চর এলাকাসহ সাগরে প্রচন্ড ঝড়-বৃষ্টি হচ্ছে গতকাল শুক্রবার ভোর থেকে। নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। লঘুচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে সাগর। আর গভীর সাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা রয়েছেন গভীর শঙ্কায়। তারা বন বিভাগের দুবলার চরের ভেদাখালী খালে নিরাপদে আশ্রয় নিয়েছেন।
এদিকে, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপে উপকূলীয় জেলায় ঝোড়ো হাওয়া ও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে, বৈরী আবহাওয়ায় সকাল থেকে মোংলা বন্দরে অবস্থানরত দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য ওঠানামা ও পরিবহনের কাজ বিঘ্নিত হচ্ছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ মজুমদার জানান, রাত থেকে দুবলার চরে ঝড় হচ্ছে। সেই সঙ্গে প্রচুর বৃষ্টিপাতও রয়েছে। গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেরা দুবলার চরে আশ্রয় নিয়েছেন। চরের ভেদাখালী খালে ৫৪টি ট্রলার নিরাপদে রয়েছে।
মোংলা আবহাওয়া অফিসের মতে, লঘুচাপ ক্রমেই ঘনীভূত হচ্ছে। এতে সৃষ্ট মেঘমালায় বৃষ্টিপাত হয়ে এটি দুর্বল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর প্রভাবে উপকূলীয় এলাকাজুড়ে আরও দুই-তিন দিন বৈরী আবহাওয়া বিরাজ করবে।
মোংলা বন্দর কর্তৃপক্ষ বলছে, আবহাওয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। বন্দরের কাজকর্মও চলছে। আবহাওয়ার গতিবিধি বুঝে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে।









