- কমিশন বৃদ্ধিসহ ৩ দফা দাবি
তেল বিক্রির কমিশন ও ট্যাংক-লরির ভাড়া বৃদ্ধি এবং লাইসেন্স প্রথা বাতিলের দাবিতে ১২ ঘণ্টার ধর্মঘট পালন করেছেন খুলনায় জ্বালানি তেল ব্যবসায়িরা। সোমবার ভোর ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলে।
ভোর থেকে খুলনায় পদ্মা, মেঘনা ও যমুনা অয়েল ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন এবং দক্ষিণাঞ্চলের ১৪ জেলায় সরবরাহ বন্ধ ছিল। তবে পেট্রোল পাম্প খোলা থাকায় তেল কিনতে পেরেছেন ভোক্তারা। বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতিসহ ৪ সংগঠন এ ধর্মঘট পালন করে।
সংগঠন সূত্র জানা যায়, তাদের দাবিগুলো হলো জ্বালানি বিক্রিতে প্রচলিত কমিশন কমপক্ষে সাড়ে ৭ শতাংশ করা, ব্যবসায়িদের কমিশন এজেন্ট গেজেট আকারে প্রকাশ, সড়ক ও জনপথ বিভাগ কর্তৃক পেট্রোল পাম্পের প্রবেশদ্বারের ভূমির জন্য ইজারা গ্রহণের প্রথা বাতিল এবং পেট্রল পাম্পের ওপর ট্রেড লাইসেন্স ও বিস্ফোরক লাইসেন্স ছাড়া অন্য সংস্থার লাইসেন্স প্রথা বাতিল করা।
বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স এসোসিয়েশনের খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মো. ফরহাদ হোসেন বলেন, খুলনার রাষ্ট্রায়ত্ত ৩ ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ রয়েছে। আর খুলনা বিভাগের ১০ জেলাসহ বৃহত্তর ফরিদপুরের ৪ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। তিনি আরও বলেন, খুলনা বিভাগের সঙ্গে রাজশাহী ও রংপুর বিভাগের ডিপো থেকেও তেল উত্তোলন বন্ধ রেখে এ ধর্মঘট পালিত হয়েছে।
পাম্প মালিক সংগঠনের এ নেতা বলেন, আমাদের মিটিং চলছে। মিটিং শেষে আমাদের ধর্মঘটের পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।
বাংলাদেশ জ্বালানি তেল পরিবেশক সমিতির খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন গণমাধ্যমকে জানান, বর্তমানে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে আনুপাতিক হারে জ্বালানি তেল বিক্রির কমিশন বাড়াতে হবে। তা না হলে আমরা টিকে থাকতে পারবো না।
এর আগে একই দাবিতে গত ৭ আগস্ট সকাল-সন্ধ্যা ২৪ ঘণ্টার জন্য ধর্মঘট ডেকেছিল বাংলাদেশ ট্যাংক লরি ওনার্স অ্যাসোসিয়েশন ও জ্বালানি তেল পাম্প মালিক সমিতি। তবে ৯ ঘণ্টা ধর্মঘট পালনের পর খুলনা জেলা প্রশাসকের আশ্বাসে তা স্থগিত করা হয়েছিল।
গত ৫ আগস্ট মধ্যরাত থেকে জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে জানানো হয়, ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী এক লিটার ডিজেল ও কেরোসিন কিনতে হবে ১১৪ টাকায়।
অন্যদিকে অকটেনের দাম লিটারে বাড়ানো হয় ৪৬ টাকা। এখন প্রতি লিটার অকটেন কিনতে ১৩৫ টাকা গুনতে হবে। এর বাইরে লিটারপ্রতি ৪৪ টাকা বাড়ানো হয় পেট্রলের দাম। এখন থেকে জ্বালানিটির প্রতি লিটারের দাম ১৩০ টাকা।









