ডেডিকেটেড লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প পার্ক হবে দেশের ৫ জেলায়। জাতীয় অর্থনৈতিক অগ্রগতিতে দেশীয় হালকা প্রকৌশল শিল্পের অমিত সম্ভাবনা কাজে লাগাতে ঢাকা, নারায়ণগঞ্জ, যশোর, বগুড়া ও নরসিংদী জেলায় নির্মিত হবে এই ডেডিকেটেড লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প পার্ক।
শিল্প পার্কগুলোয় স্থাপিত শিল্প-কারখানার জন্য দক্ষ জনবলের সরবরাহ নিশ্চিত করতে একই সঙ্গে স্থাপন করা হবে লাইট ইঞ্জিনিয়ারিং ট্রেনিং ইনস্টিটিউটও। বিশ্বমানের প্রশিক্ষক ও প্রযুক্তি ব্যবহার করে প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোয় দেশীয় জনবলের দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেয়া হবে।
লাইট ইঞ্জিনিয়ারিং বিকাশে শিল্প মন্ত্রণালয় চিহ্নিত কার্যক্রমগুলো বাস্তবায়নে করণীয় নির্ধারণ সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভায় গতকাল মঙ্গলবার এ সিদ্ধান্ত নেয়া হয়।
শিল্প সচিব কেএম আলী আজমের সভাপতিত্বে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হেলাল উদ্দিন হালকা প্রকৌশল শিল্প খাত বিকাশে প্রণিত সুপারিশ তুলে ধরেন।
এ সময় এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. সফিকুল ইসলাম, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সভাপতি আনোয়ারুল আলম চৌধুরী (পারভেজ), বিসিক পরিচালক ড. মোহা. আব্দুস ছালাম, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহা. সেলিম উদ্দিন, বাংলাদেশ লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প মালিক সমিতির সভাপতি মো. আব্দুর রাজ্জাকসহ শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ ব্যাংক এবং এফবিসিসিআইসহ কমিটিসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে শিল্প সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলতি বছর হালকা প্রকৌশল শিল্পকে ‘প্রডাক্ট অব দ্য ইয়ার’ ঘোষণা করায় এ শিল্পের গুরুত্ব অনেক বেড়েছে। দেশের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে এ শিল্পের বিকাশ ঘটছে। পরিকল্পিতভাবে হালকা প্রকৌশল শিল্পের বিশাল সম্ভাবনা কাজে লাগাতে ডেডিকেটেড শিল্প পার্ক স্থাপনের বিকল্প নেই। উদ্যোক্তাদের সুবিধার্থে নির্ধারিত লাইট ইঞ্জিনিয়ারিং শিল্প পার্কসহ বিসিকের ৭৬টি শিল্পনগরীতে পূর্ণাঙ্গ ওয়ান স্টপ সেবা চালুর বিষয়টি নিশ্চিত করতে হবে।
আনন্দবাজার/ডব্লিউ এস









