কথায় রয়েছে, যার শেষ ভাল তার সব ভাল। এটা যেমন সত্যি, তেমনই অন্যভাবেও বলা যেতে পারে যে, যার শুরুটা সুন্দর তার বাকিটাও ভাল হতে বাধ্য। আমাদের সবারই প্রার্থনা থাকে, দিনটা যেন ভালো কাটে, সঙ্গীর সঙ্গে যেন মনোমালিন্য না হয়, অফিসে যেন কাজের চাপ খুব বেশি না হয়, ইত্যাদি ইত্যাদি।
কত কী চাই- সেসবের তালিকা করলে সহজে ফুরাবে না। কিন্তু বিনা কষ্টে আমাদের চাওয়া পূরণ হয় না। তাই আমরা যা চাই তা পেতে গেলে কিছুটা দায়িত্ব আমাদের নিজেদেরও নিতে হবে। আর সেজন্য যা করতে হবে তা হলো, সকালের একটা রুটিন তৈরি করে সেভাবে চলতে হবে। দিনের শুরুতে চারটি কাজ আপনাকে সারাদিন ভালো রাখবে।
মর্নিং ওয়াকে যান-
অন্তত সকাল ৬ টার মধ্যে ঘুম থেকে উঠে পড়ার চেষ্টা করুন। এমন কোনও জায়গায় হাঁটতে যান যেখানে পরিবেশ তুলনামূলক শান্ত। এ ক্ষেত্রে লেকের ধার কিংবা গাছগাছালি রয়েছে এমন পার্কে যেতে পারেন। অন্তত ঘণ্টা খানেক হাঁটুন। সঙ্গে পোষ্য থাকলে তো কথাই নেই। তাকে নিয়েই বেরিয়ে পড়ুন হাঁটতে। শরীর তো বটেই, সঙ্গে দেখবেন মনটা বেশ ফুরফুরে থাকছে সারাদিন।
মেডিটেশন করুন-
বিশেষজ্ঞরা বলেন, মনসংযোগ অভ্যাস করলে মনের স্থিরতা আসে। পাশাপাশি কঠিন সময়ের সঙ্গেও যুঝতে পারাও সহজ হয়ে যায়। তাই সারাদিনে সকালে অন্তত ১০ মিনিট চুপ করে চোখ বন্ধ করে বসে মনোসংযোগের চেষ্টা করুন। এ ক্ষেত্রে মেডিটেশনের জন্য শান্ত কোনও জায়গাই বাছুন।
ফ্রি হ্যান্ড ব্যায়াম করুন-
অভ্যাস না থাকলে খুব ভারি কোনও ব্যায়াম না করাই ভাল, ছোটোখাটো ফ্রি হ্যান্ড করুন। এতে শরীরও ফিট থাকবে, পাশাপাশি মনও। মনে রাখবেন শরীর এবং মন কিন্তু একে ওপরের সঙ্গে যুক্ত। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিন।
সারাদিনে যা করবেন-সারাদিনে কী করবেন, তার একটা তালিকা তৈরি করে নিন সকালেই। আগের দিন যা হয়ে গেছে ভুলে যান, নতুন করে শুরু করুন। সকালেই একটা তালিকা বানিয়ে ফেলুন সারাদিনে আপনাকে কোন কোন কাজগুলো করতে হবে। সেই অনুযায়ী সাজিয়ে ফেলুন। কী করবেন তার তালিকার পাশাপাশি বানিয়ে নিন আজ বা আজ থেকে আপনি কোন কাজটা একেবারেই করবেন না। দেখবেন সারাদিন অনায়াসে মেনে চলছেন সেটাই। আর বাকি পড়ে যাওয়া কাজগুলোও হয়ে যাচ্ছে চটজলদি।
আনন্দবাজার/শহক









