দেশে পেঁয়াজের পর্যাপ্ত মজুদ আছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে অনলাইনে সাশ্রয়ী মূল্যে টিসিবি'র পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে তিনি ক্রেতাদের অস্থির হয়ে পেঁয়াজ না কেনার আহ্বান জানিয়ে এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, আমাদের সমস্যা আছে এবং সেই সমস্যা সমাধানের সর্বোচ্চ পদক্ষেপ আমরা নিয়েছি। সাধারণ মানুষের কাছে একটা ম্যাসেজ পৌঁছানো দরকার সেটা হলো যতটুকু প্রয়োজন ততটুকু কিনলে কোনো সমস্যা হবে না।
তিনি বলেন, কেউ যেন অস্থির হয়ে না যায়। আমাদের এখনও পর্যাপ্ত পেঁয়াজ মজুদ আছে। এছাড়া যদি কিছুটা কমও পড়ে সেটি আগামী ১ মাসের মধ্যে তুরস্ক, মিয়ানমার থেকে চলে আসবে। সবকিছু আমাদের হাতের নাগালেই আছে।
ভার্চুয়াল মাধ্যমে আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, অনলাইনে অর্ডার দিয়ে একজন ক্রেতা ৩৬ টাকা কেজি দরে একদিনে আপাতত সর্বোচ্চ ৩ কেজি পেঁয়াজ কিনতে পারবেন।
এছাড়া পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারি বিপণন সংস্থা টিসিবিও তাদের ট্রাকসেলে ৩০ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি কার্যক্রম চালিয়ে যাচ্ছে। আগে শুক্র ও শনিবার এই কার্যক্রম বন্ধ থাকলেও গত শুক্রবার থেকে প্রতিদিনই এই কার্যক্রম চালু করেছে সংস্থাটি।
আনন্দবাজার/ডব্লিউ এস









