সার্স-১ এর মতো করোনাভাইরাসও বিশ্ব থেকে পুরোপুরি নির্মূল হবে না। এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় অ্যালার্জি ও সংক্রামক রোগ ইনস্টিটিউটের পরিচালক ডা. অ্যান্থনি ফাউসি।
তবে তিনি আশা করছেন, তিনটি পথ অবলম্বন করে যুক্তরাষ্ট্র করোনাকে নিয়ন্ত্রণ করতে পারবে। সেগুলো হলো- সঠিক স্বাস্থ্যবিধি, হার্ড ইমিউনিটি এবং ভ্যাকসিন।
এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থার জরুরি বিভাগের পরিচালক ডা. মাইক রায়ান বলেছিলেন, প্রতিষেধক পাওয়া গেলেও এই ভাইরাস নিয়ন্ত্রণ করার জন্য ব্যাপক প্রচেষ্টা চালাতে হবে। ভাইরাসটি জাতিগত রোগ হিসেবে আমাদের সঙ্গেই থাকতে পারে এবং হয়তো কখনই শতভাগ নির্মূল হবে না বলে মনে করেন তিনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক বিবৃতিতে বলা হয়, এইচআইভি নির্মূল হয়নি। কিন্তু আমরা এই ভাইরাসের সঙ্গে সহাবস্থান অজর্ন করতে পেরেছি। করোনার ক্ষেত্রেও হয়তো এমনটাই ঘটবে।
এখন পর্যন্ত করোনায় পুরোবিশ্বে আক্রান্ত হয়েছেন ১ কোটি ৫৬ লাখ ৪১ হাজার ৯০৪ জন। এবং মৃত্যু হয়েছে ৬ লাখ ৩৫ হাজার ৬৬৬ জনের। এছাড়া এ ভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে উঠেছেন ৯৫ লাখ ৩০ হাজার ১০ জন।
আনন্দবাজার/টি এস পি









