- পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ২০ টাকা
- বাজার তদরকি কঠোর হচ্ছে
- দাম নিয়ে চিন্তা নেই: বাণিজ্য মন্ত্রণালয়
বরাবরের মতো এবারেও অসাধু ব্যবসায়ীদের কারসাজি জালে পড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্য পেঁয়াজ। এই কারসাজিতে পড়ে হঠাৎ করেই কেজি প্রতি ২০ টাকা বৃদ্ধি পেয়েছে দেশি পেঁয়াজ। ফলে বাজারে পেঁয়াজের ঝাঁজে ভূগছে খেটে খাওয়া মানুষ। তবে পেঁয়াজের ঝাঁজ থেকে বাঁচার আশার বাণী শুনাচ্ছে ব্যবসায়ীরা।
তারা বলছে, সপ্তাহ খানেকের মধ্যেই নতুন মুড়িকাটা পেঁয়াজ বাজারে উঠবে। তখন দাম কমে স্বাভাবিকে চলে আসবে। এছাড়া ভারত থেকে আমদানি হচ্ছে পেঁয়াজ। তখন দাম এই অবস্থানে থাকবে না। কমে আসবে।
গত রবিবার রাজধানীর কারওয়ানবাজার, শ্যামবাজার, কাপ্তানবাজার, যাত্রবাড়ি বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, দেশি পেঁয়াজের কেজিতে ২০ টাকা দাম বেড়েছে। বর্তমানে পেঁয়াজ কেজি প্রতি বিক্রি হচ্ছে প্রায় ৮০ টাকা। গত সপ্তাহের শুরুতে এটা প্রায় ৬০ টাকায় বিক্রি হয়েছে। মিয়ানমারের পেঁয়াজের দাম ছিল ৫০ টাকা। ১৫ টাকা দাম বেড়ে এখন তা বিক্রি হচ্ছে ৬৫ টাকায়। এছাড়া কেজিতে ২৫ টাকা বেড়ে ভারতীয় পেঁয়াজের দাম দাঁড়িয়েছে ৬০ টাকায়।
বাণিজ্য মন্ত্রণালয়ের আমদানি ও অভ্যন্তরীণ বাণিজ্য অনুবিভাগের (আইআইটি) অতিরিক্ত সচিব এএইচএম সফিকুজ্জামান বলেন, পেঁয়াজের দাম নিয়ে চিন্তার কোনো কারণ নেই। ভারত থেকে পেঁয়াজ আসা বন্ধ হয়নি। প্রতিদিন প্রায় দুই হাজার টন পেঁয়াজ আসছে। আরও বলেন, যেহেতু পেঁয়াজ আসছে তাই কৃত্রিম সংকট দেখিয়ে দাম বাড়াতে না পারে কেউ। দাম যেন না বাড়াতে পারে সেই বিষয়ে তদারকি থাকবে আমাদের।
গত কয়েক বছর ধরেই সেপ্টেম্বর-অক্টোবর সময়ে অস্থির হয়ে ওঠে মসলাজাতীয় এই পণ্যটির বাজার। এটা ডিসেম্বর-জানুয়ারি পর্যন্ত গড়ায়। সাম্প্রতিক বছরগুলোয় ৩০০ টাকা পর্যন্তও দাম ছুঁয়েছে পেঁয়াজ। পরিস্থিতি সামাল দিতে স্থল ও নৌবন্দরের পাশাপাশি উড়োজাহাজে করেও পণ্যটি আনতে হয়েছে। এ বছরও অক্টোবরের শুরুর দিকে হঠাৎ করে দাম বেড়ে যায়। কেজিপ্রতি দাম ওঠে ৮০ থেকে ৯০ টাকায়। সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানিতে শুল্ক প্রত্যাহার করে নেয় সরকার। এতে দাম ৫৫ থেকে ৬০ টাকায় নেমে এলেও তা স্থায়ী হয়নি বেশিদিন। মাস খানেক বিরতি দিয়ে গত চার-পাঁচ দিনের ব্যবধানে ২০ থেকে ২৫ টাকা বেড়ে আবারও ৮০ টাকায় পৌঁছেছে। হঠাৎ করেই দাম বাড়ার চিত্র পাওয়া গেছে সরকারি বিপণন সংস্থা টিসিবির দৈনিক বাজার দরের তথ্যেও।
সংস্থাটি বলছে, এক সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজিতে ৩৮ শতাংশ বেড়েছে। আর আমদানি করা পেঁয়াজে বেড়েছে ২৯ শতাংশ। দাম বৃদ্ধির জন্য বৃষ্টিতে পেঁয়াজের ফলন নষ্ট ও মজুদ কমে আসাকে দায়ী করেছেন ব্যবসায়ীরা।









