- সাত মাসে জব্দ ১৪৩ কেজি
- দাম ১০৩ কোটি টাকা
গত সাত মাসে ১৪৩ কেজি ৫৫ গ্রাম স্বর্ণ জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। যার বাজারমূল্য প্রায় ১০৩ কোটি টাকা। গতকাল বৃহস্পতিবার বিকেলে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের এক ফ্লাইট থেকে স্বর্ণ জব্দের বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক ড. মো. আবদুর রউফ এ তথ্য জানায়।
আবদুর রউফ বলেন, বৃহস্পতিবার সকাল সোয়া ৮টায় দুবাই থেকে ঢাকা ফেরত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এরপর শুল্ক গোয়েন্দার ওই বিমানের অভ্যন্তরে দীর্ঘসময় তল্লাশির পর স্বর্ণের ৯টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেট খুলে ৯০ পিস স্বর্ণবার পাওয়া যায়। যার ওজন প্রায় সাড়ে ১০ কেজি। বাজার মূল্য প্রায় ৭ কোটি ৩০ লাখ ৮০ হাজার টাকা। জব্দ করা স্বর্ণবারগুলো কাস্টম হাউসে জমা দেওয়া হবে। বৃহস্পতিবার স্বর্ণ জব্দের বিষয়ে কাস্টমস আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
চলতি অর্থবছরে (এখন পর্যন্ত) শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ১৪৩ কেজি ৫৫ গ্রাম স্বর্ণ জব্দ করেছে জানিয়ে তিনি বলেন, যার বাজারমূল্য প্রায় ১০৩ কোটি টাকা। অন্যদিকে গত অর্থবছরে (২০২০-২০২১) ১৭৪ কেজি ৪৯ গ্রাম ও ২০১৯-২০২০ অর্থবছরে ১৮০ কেজি ৩৫ গ্রাম স্বর্ণ জব্দ করে শুল্ক গোয়েন্দা।









