কম খরচে এবং কম সময়ের মাঝে নমুনা পরীক্ষা করতে সক্ষম করোনা কিট উদ্ভাবন করেছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি বায়োটেক প্রতিষ্ঠান। সম্প্রতি তাদের কিটটি অনুমোদনও দিয়েছে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) ও সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও)। মূলত আরটি-পিসিআরে করোনা পরীক্ষা করার জন্য যে কিটের দরকার হয় সেটিই তৈরি করবে প্রতিষ্ঠানটি।
করোনার নমুনা সংগ্রহের পরে তা থেকে ‘আরএনএ’ বের করতে হয়। পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠানটির দশ বছর ধরে ‘আরএনএ এক্সট্রাকশন কিট’এর সঙ্গে আরটি-পিসিআরে নমুনা পরীক্ষার কাজে ব্যবহৃত অন্য উপাদান তৈরির অভিজ্ঞতা আছে।
এ বিষয়ে প্রতিষ্ঠানের কর্ণধার রাজা মজুমদার গণমাধ্যমকে বলেন, কিটের জোগানে ঘাটতি থাকায় নমুনা পরীক্ষার কাজ ব্যাহত হচ্ছে জানার পরে তারা কম খরচে করোনা-কিট তৈরির কাজ শুরু করেন। দক্ষিণ ২৪ পরগনার বাকরাহাটের কার্যালয়ে দেশীয় প্রযুক্তিতে নির্মিত সেই কিট অনুমোদনের জন্য আইসিএমআরের কাছে পাঠানো হয়েছে। আইসিএমআর-নাইসেড সেই টাকম্যান-বেসড কিট গত মে মাসে অনুমোদন দিলে সিডিএসসিওর অনুমোদনের জন্য আবেদন করে সংস্থাটি। গত মঙ্গলবার সংস্থাকে কিট তৈরির লাইসেন্স দেয় সিডিএসসিও।
আনন্দবাজার/এফআইবি









