ভারতে করোনা (কোভিড ১৯) পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রনে চলে এসেছে। বর্তমানে করোনা সংক্রমণ দৈনিক হাজারের নিচে অবস্থান করেছে। কমেছে মৃত্যুর হারও। এই স্বস্তির মধ্যেও নতুন উদ্বেগ বাড়িয়েছে দিল্লির করোনা পরিস্থিতি। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণলয়ের তথ্য অনুযায়ী, গত শুক্রবার ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৭৫ জন। যার মধ্যে দিল্লিতেই আক্রান্তের সংখ্যা ৩৬৬ জন।
দিল্লির রাজ্য সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, করোনায় গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর বিভিন্ন হাসপাতালে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন ৫১ জন। এদের মধ্যে ১৪ জনই শিশু ও অপ্রাপ্তবয়স্ক। শতকরা হিসেবে এ হার ২৭ শতাংশ। করোনা সংক্রমণ বাড়তে থাকায় ইতোমধ্যে বাড়ির বাইরে মাস্ক পরিধান করার ওপরে জোর দিয়েছে দিল্লির রাজ্যসরকার। এদিকে দিল্লির করোনা বাড়লেও সুস্থতার হার স্বস্তিজনক।
সরকারি পরিসংখ্যান অনুযায়ী, মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশে ৪ কোটি ২৫ লাখ ৭ হাজার ৮৩৪ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সেরে উঠেছেন ৭৯৬ জন। ভারতে বর্তমানে করোনা সুস্থতার হার ৯৮ দশমিক ৭৬ শতাংশ। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানায়, জাতীয় টিকাদান কর্মসূচিতে এ পর্যন্ত প্রায় ১৮৬ কোটি ৩৮ লাখের বেশি ডোজ করোনার টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে গত শুক্রবার টিকা নিয়েছেন সাড়ে ৬ লাখের বেশি মানুষ।
এদিকে করোনা সংক্রমণ যেন মাথাচাড়া না দেয়, তার জন্য টিকাকরণের পাশাপাশি করোনা রোগী চিহ্নিত করতে জোর দেওয়া হচ্ছে টেস্টিংয়েও। গত শুক্রবার দেশে ৩ লাখ ৯১৮ জনের নমুনা পরীক্ষা হয়।









