আম্পানের ক্ষত কাটতে না কাটতে দিনাজপুরে শুরু হয়েছে ভারী বৃষ্টি আর ঝড়ো হাওয়া। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে লিচু বাগানিদের। গাছ উপড়ে পড়ার সাথে সাথে অনেক বাগানে ভেঙে গেছে ডালপালাও। একের পর এক ক্ষত হতাশ করে তুলছে লিচু বাগানিদের।
জানা যায়, ভারী বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় সদর উপজেলার ৫টি ইউনিয়ন, বিরল উপজেলার চার ইউনিয়ন এবং চিরিরবন্দরের বেশ কিছু লিচু বাগানে ব্যাপক ক্ষতি হয়। উপড়ে পড়ার সঙ্গে ভেঙেছে ডালপালাও। এতে শুধু বুধবারের ঝড়েই নষ্ট হয়েছে ৭ শতাংশ লিচু। এ অবস্থায় লোকসানের শঙ্কা বাড়ছে বাগানিদের। যদিও ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে কৃষি অধিদপ্তর।
ঘূর্ণিঝড় আম্পানে উপকূলীয় জেলার পাশাপাশি তাণ্ডব চালায় উত্তরের জেলা দিনাজপুরের লিচু বাগানেও। অনেক এলাকায় উপড়ে পড়ে গাছ। সে ক্ষতি নিয়ে দুশ্চিন্তায় থাকার এক সপ্তাহের মধ্যেই মঙ্গলবার মধ্যরাত ও বুধবার সকালে বয়ে যায় কালবৈশাখী ঝড়।
দিনাজপুরের ১৩ উপজেলায় ৬ হাজার হেক্টর এলাকায় লিচুর আবাদ হয়েছে। এরমধ্যে ঝড় ও বৃষ্টিতে পাঁচ উপজেলায় ক্ষতিগ্রস্ত হয় সাড়ে তিনশ' হেক্টরের গাছ।
আনন্দবাজার/শহক







