প্রানঘাতী করোনা ভাইরাসের প্রভাব উত্তরণে বাংলাদেশের প্রচেষ্টার অংশীদার হিসেবে পূর্বের যেকোনো সময়ের তুলনায় অধিক আর্থিক সহায়তার জন্য আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের প্রতি আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তাছাড়া এই ক্ষেত্রে সম্ভাব্য দুর্নীতিরোধে সর্বোচ্চ পর্যায়ের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
২৬ এপ্রিল গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে টিআইবি জানায়, বিশ্বের কোনো দেশেরই করোনা ভাইরাস বৈশ্বিক মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মোকাবিলা করার মতো পর্যাপ্ত প্রস্তুতি ও সক্ষমতা ছিল না। তার ব্যতিক্রম নয় বাংলাদেশও। জিডিপিসহ আর্থ-সামাজিক উন্নয়নের নানাবিধ সূচকে উল্লেখযোগ্য অর্জন এবং দুর্যোগ মোকাবিলা করার ক্ষেত্রে বাংলাদেশের সামর্থ্য ও সক্ষমতা বৈশ্বিক পর্যায়ে স্বীকৃত হলেও করোনা ভাইরাসে চলমান সংকট স্বাস্থ্যসহ বিভিন্ন খাতের অর্জনসমূহকে ধরে রাখার সম্ভাবনাকে এক ভয়াবহ চ্যালেঞ্জের মুখে ফেলেছে।
টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান জানান, করোনা ভাইরাসের চলমান বিপর্যয়ে স্বাস্থ্যখাতের পাশাপাশি বহুমুখী আর্থ-সামাজিক ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এ পর্যায়ে নিরূপণ সম্ভব না হলেও এটা পরিষ্কার যে, এ গভীর সংকট উত্তরণে উন্নয়ন সহযোগীদের ব্যাপক আর্থিক ও কারিগরি সহযোগিতা বাংলাদেশের জন্য অপরিহার্য। সেক্ষেত্রে দীর্ঘকালের নির্ভরযোগ্য অংশীজন হিসেবে আন্তর্জাতিক উন্নয়ন সহযোগীদের প্রতি জোরালো আহ্বান জানাচ্ছি অতীতের যেকোনো সময়ের তুলনায় ব্যাপক পরিসরে সহায়তাসহ বাংলাদেশের পাশে দাঁড়ানোর জন্য।
আনন্দবাজার/এস.কে









