শিক্ষাপ্রতিষ্ঠানের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় এবং সরকার সিদ্ধান্ত নিয়ে থাকে। তবে আমাদের পরামর্শ থাকবে স্বাস্থ্যবিধি মেনে যেন তা খোলা হয়। আর স্কুল-কলেজের বাকি ছেলে-মেয়েদের দ্রুত সময়ে টিকার আওতায় নিয়ে হয়।
গতকাল শনিবার মানিকগঞ্জ সদর উপজেলার শুভ্র সেন্টারে জেলা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের এসব কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্যমাত্রার ৮৫ ভাগ মানুষকে টিকা দেওয়া সম্পন্ন হয়েছে। কাজেই সংক্রমণ এবং মৃত্যুর ঝুঁকি এখন অনেকটাই কমে গেছে। এরপরও অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং বাইরে গেলেই মাস্ক পরতে ও সামাজিক দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে হবে। সামাজিক আচার-অনুষ্ঠান সীমিতভাবে করার জন্য যেসব নির্দেশনা দেওয়া হয়েছে তা মেনে চলতে হবে।









