সিরাজগঞ্জের সলঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারী এনজিও কর্মীসহ দুজন নিহত হয়েছেন। গতকাল শনিবার সকাল পৌনে ৮টার দিকে হাটিকুমরুল বগুড়া মহাসড়কের সলঙ্গা থানার দত্তকুশা এলাকায় ও সকাল সোয়া ৭টার দিকে হাটিকুমরুল-নাটোর মহাসড়কে থানার নাইমুড়ি রুয়াপাড়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার গাড়িশাপাড়া গ্রামের মজিবর রহমানের মেয়ে এনডিপি এনজিওর ঘুড়কা শাখায় কর্মকর্তা মাহমুদা আক্তার মিশু (২৫) ও রায়গঞ্জ উপজেলার ধামাইনগর গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মকবুল হোসেন (৫০)। হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফর রহমান পৃথক দুটি সড়ক দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে হাটিকুমরুল-বগুড়া মহাসড়কে দত্তকুশা এলাকায় রাস্তা পারাপার হওয়ার সময় অজ্ঞাত গাড়িচাপায় ঘটনাস্থলেই মারা যান মাহমুদা আক্তার মিশু।
অপরদিকে হাটিকুমরুল-নাটোর মহাসড়কের নাঈমুড়ী রুয়াপাড়া এলাকায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে কেবিনে থাকা মকবুল হোসেন নামে এক ব্যক্তির গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করলে হাসপাতালে সে মারা যায়।
ওসি আরও জানান, নিহত এনজিও কর্মীর মাহমুদা আক্তার মিশুর মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাক চালকের সহকারি মকবুল হোসেনের মরদেহ হাসপাল মর্গে রয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক থানা হেফাজতে রয়েছে।
আনন্দবাজার/এম.আর









