করোনা ভাইরাসের প্রাণকেন্দ্র চীনের হুবেই প্রদেশের উহান শহর। কিন্তু প্রদেশটিতে স্বাভাবিক অবস্থা ফিরতে না ফিরতেই ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয় দেশটির সরকার। যার ফলে দ্বিতীয় ধাপের আবারও করোনার বিস্তার শুরু করেছে। নতুন করে করোনায় চারজনের মৃত্যু হয়েছে। এর পর থেকেই আবারও ঘরে বন্দি এবং যথাযথ সুরক্ষা ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে সরকার। নতুন করে বিস্তারের আশঙ্কা দেখায় নতুন করে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।
বিদেশ ফেরতেদের মাধ্যমে দ্বিতীয় ধাপে করোনা সংক্রমণ শুরু হয়েছে বলে সেখানকার সরকারি কর্মকর্তা ও বাসিন্দাদের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ান বলছে, শুক্রবার চীনে নতুন করে ৩১ জনের শরীরে করোনার উপস্থিতি ধরা পড়েছে; যাদের মধ্যে অন্তত দুজন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন, বাকিরা বিদেশ ফেরত। এছাড়া মারা গেছেন চারজন; যাদের সবাই উহানের বাসিন্দা। গত ফেব্রুয়ারির পর থেকে উহানে করোনায় সংক্রমণ এবং মৃত্যু নাটকীয়ভাবে কমে আসে।
দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির উহান শাখার প্রধান ওয়াং ঝংলিন বলেন, অভ্যন্তরীণ এবং বাহ্যিক- উভয় ঝুঁকির কারণে উহানে মহামারি প্রত্যাবর্তনের সর্বোচ্চ ঝুঁকি তৈরি হয়েছে। এর প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের ব্যবস্থা অবশ্যই বজায় রাখতে হবে।
এর আগে গত সপ্তাহে উহান থেকে বেশ কিছু বিধি-নিষেধ প্রত্যাহার করে নেয়া হয়। একই সঙ্গে যাদের সুস্থতার সবুজ সংকেত আছে তারা ভ্রমণ করহেত পারবেন বলে জানানো হয়। আগামী ৮ এপ্রিল থেকে সব ধরনের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ার সময় নির্ধারিত ছিল।
আনন্দবাজার/ রনি








