মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পূর্ব শত্রুতার জের ধরে এক ব্যক্তির বাগানের ৩শ লেবুগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। সম্প্রতি উপজেলার কালিঘাট ইউনিয়নের বিলাস ছড়া চা বাগান চিনুবাড়ী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
লেবু বাগানের মালিক অরুন হাজরা বলেন, সোমবার সন্ধ্যায় বাগানের কাজ শেষ করে ৫ জন কাজের লোককে বিদায় করে বাড়ি ফিরি। পরদিন মঙ্গলবার সকালে বাগানে এসে দেখি কে বা কারা শত শত লেবুগাছ কেটে মাটিতে ফেলে রেখেছে। এতে প্রায় ৩শ লেবুগাছ কাটা পড়েছে।
অরুন হাজরার বড় ভাই ইউপি সদস্য সীতারাম বলেন, নানা কারণে আমার সাথে মানুষের শত্রুতা থাকতে পারে। কোনো দোষ করে থাকলে তারা চেয়ারম্যান আছে, থানা পুলিশ আছে—বিচার দিতে পারতো, গাছের সাথে শত্রুতা কেন? তারা আমার এত বড় ক্ষতি কেন করলো।
তিনি আরও বলেন, আমার বাগানের বড় বড় ৩শ লেবুগাছ কেটে ফেলেছে। প্রতিটা গাছে প্রায় দুই থেকে আড়াইশ লেবু ছিল । এ বাগানের আয় দিয়ে আমার পরিবারসহ আরও ৫/৬টা পরিবার চলতো ।
এ ঘটনায় শুক্রবার শ্রীমঙ্গল থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান অরুন হাজরা। এর আগে বৃহস্পতিবার আইন সহায়তা কেন্দ্র (আসক) শ্রীমঙ্গল উপজেলা শাখার সংগঠক আমজাদ হোসেন বাচ্চুর নেতৃত্বে একটি টীম ঘটনাস্থল পরিদর্শন করে।
আনন্দবাজার/শহক









