মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করায় করোনা মহামারীর কেন্দ্রস্থলগুলোতে হাজারো সংক্রমণ রোধ হয়েছে বলে দাবি করা হয়েছে নতুন একটি গবেষণায়। দ্য প্রসিডিংস অফ ন্যাশনাল একাডেমি অফ সায়েন্সেসে (পিএনএএস) প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য জানা গেছে।
গবেষকরা বলেন, করোনার সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব বজায় রাখা ও ঘরে থাকার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় মাস্ক পরা।
সমীক্ষায় দেখা গেছে, উত্তর ইতালিতে ৬ এপ্রিল এবং নিউ ইয়র্ক শহরে ১৭ এপ্রিল মাস্ক পরার নিয়ম জারির পর বিশ্বে সবচেয়ে বেশি প্রাদুর্ভাবের এই দুই এলাকায় সংক্রমণের প্রবণতা কমে যায়। গবেষকদের মতে মাস্ক পরার কারণে সংক্রমণের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।
নিউ ইয়র্কে বাধ্যতামূলক মাস্ক পরার নিয়ম কার্যকর হওয়ার পর নতুন সংক্রমণের হার প্রতিদিন ৩ শতাংশ কমে এসেছে।
গবেষকরা জানান, ভাইরাস বহনকারী ক্ষুদ্রাতিক্ষুদ্র কণা মুখের আচ্ছাদনের কারণে বাতাসে ছড়াতে পারে না। ফলে সংক্রমণ উল্লেখযোগ্যভাবে কমে যায়।
আনন্দবাজার/ডব্লিউ এস









