নাগোরনো-কারাবাখের গুরুত্বপূর্ণ জাব্রাইল প্রদেশ মুক্ত করেছে আজারবাইজানের সামরিক বাহিনী। স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে এ তথ্য দিয়েছে তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয়।
আর্মেনিয়ার দখলদারিত্ব থেকে বয়ুক মারক্যানলি, মারিলিয়ন ও সেবে গ্রামগুলোকে মুক্ত করেছে আজারবাইজানের সামরিক বাহিনী। আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ তার সরকারি টুইটার অ্যাকাউন্টে এই বিষয়টি নিশ্চিত করেছেন।
যুদ্ধবিরতির আহবান উপেক্ষা করেই লড়াই চালিয়ে যাচ্ছে আর্মেনিয়া ও আজারবাইজান। এতে বেড়েই চলেছে হতাহতের সংখ্যা। ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন ২৩০ জনের বেশি।
এছাড়া বিতর্কিত কারাবাখের মাদাগিজ শহর দখল করে পতাকা উত্তোলন করেছে আজারবাইজানের সেনাবাহিনী। একসময় ওই শহরটি আর্মেনিয়া দখল করে নিয়েছিল।
গত শনিবার এক ঘোষণায় আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ এ কথা জানিয়েছেন। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, আজ (শনিবার) আজারবাইজানের সেনাবাহিনী মাদাগিজে আমাদের পতাকা উত্তোলন করেছে। মাদাগিজ আমাদের। কারাবাখ আজারবাইজানের।
আজারবাইজানি সংবাদমাধ্যমগুলো জানায়, আর্মেনিয়ানরা দখলকৃত আজারবাইজানীয় অঞ্চল ছেড়ে চলে যেতে শুরু করেছে। নাগারনো-কারাবাখের খবরেদি শহরের কেন্দ্রস্থলে জড়ো হয়ে আর্মেনিয়ার উদ্দেশে রওনা হয়েছে বলে জানা গেছে।
আনন্দবাজার/টি এস পি









