শীতকালিন সবজি শিম। বছরের অন্যান্য সময়ে শিম পাওয়া গেলেও শীতকালিন সবজি হিসেবে শিম বেশ পরিচিত। খরচ কম আর লাভ বেশি হওয়ায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শিম চাষে চাষিদের আগ্রহ বেড়েছে। মৌসুমের অন্য ফসল চাষের জন্য তৈরি করা মাচায় শিম চাষ করেছেন সোনারগাঁয়ের চাষিরা। পাশাপাশি রাস্তার দু’পাশে বিভিন্ন গাছে, বসতঘরের চাল ও বিল্ডিংয়ের ছাদেও সহজেই শিম চাষ করা হচ্ছে।
শুধুমাত্র নিজেদের জন্যই নয়, বাণিজ্যিকভাবেও চাষ হচ্ছে শিম। বসতবাড়ির আঙিনায় এবং বাড়ির পাশের জমিতে সারাবছরই বিভিন্ন জাতের সবজি চাষ করছেন অনেকে। উপজেলার সনমান্দি, পৌরসভা, বৈদ্যেরবাজার, নোয়াগাঁও শম্ভুপুরা ইউনিয়নে ব্যাপক হারে শুরু হয়েছে শিম চাষ। জৈব সারের উপর নির্ভর করে শিম চাষ করা খুবই সহজ। এতে খরচর কম হয়। সরাসরি ক্ষেত থেকে ঢাকাসহ বিভিন্ন শহরের পাইকাররা শিমসহ অন্যান্য সবজি কিনে নিয়ে যায়। আবার নিজেদের সবজির চাহিদা পূরণ করতেও অনেকে শিম চাষ করছেন।
কৃষক কাইয়ুম বলেন, আধুনিক পদ্ধতি ব্যবহার করলে কীটনাশকমুক্ত সবজি চাষ করা সম্ভব। এমনকি কীটনাশক ব্যবহার না করেও জৈব সারের উপর নির্ভর করে কম খরচে, আধুনিক পদ্ধতি ব্যবহার করে শিম চাষ হচ্ছে। তরকারি ছাড়াও শিম বীচি ভাজা সারাবছরই বিক্রি করেন হকাররা।
উপজেলা কৃষি কর্মকর্তা মনিরা আক্তার জানান, ঢাকা থেকে সোনারগাঁ কাছাকাছি হওয়ার কারণে সবজি রপ্তানিকারকরা সহজে সবজি সংগ্রহ করতে পারেন। তাছাড়া সোনারগাঁওয়ের সবজি পোকামুক্ত হওয়ায় খুবই প্রশংসনীয়। সবজি পোকামাকড় মুক্ত করার বিষয়ে সোনারগাঁ উপজেলা কৃষি অফিস ব্যাপক কাজ করছে।









