প্রয়াত বলিউডে কিংবদন্তী অভিনেতা ঋষি কাপুরকে নিয়ে স্মৃতিচারণ করেছেন অভিনেত্রী আলিয়া ভাট। আলিয়ার সঙ্গে যে ঋষি কাপুরের সম্পর্কটা বেশ ভালো ছিল তা হয়তো অনেকেরই জানা। এবার সেই সম্পর্ক নিয়েই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিলেন আলিয়া। বৃহস্পতিবার ঋষি কাপুরকে স্মরণ করে একটি হৃদয়স্পর্শী বিবৃতি দিয়েছেন তিনি।
ঋষি কাপুর স্মরণে আলিয়া ভাট লিখেছেন, তোমাকে নিয়ে আর কী বলবো! একজন ভীষণ সুন্দর মানুষ, যে আমার জীবনে অনেক ভালোবাসা নিয়ে এসেছে। আজ সবাই লিজেন্ড ঋষি কাপুরের কথা বলছে। আমিও তাকে ছোট থেকে সেভাবেই চিনে এসেছি। কিন্তু গত দুই বছরে সবটা বদলে গেছে। আমি তাকে চিনেছি একজন বন্ধু হিসেবে। আমার মতোই চাইনিজ খাবার খেতে ভালোবাসা মানুষ, যে সিনেমা পাগল আমার মতো। যে লড়াকু, যার মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে, যিনি খুব ভালো গল্প বলতে পারেন।
আলিয়া আরও লিখেন, আর অবশ্যই টুইট করতে ভীষণ ভালোবাসেন এবং বাবা হিসেবেও সমান দায়িত্বশীল! গত দু-বছর ধরে আমি তোমার কাছে অফুরন্ত ভালোবাসা পেয়েছি। তোমার ওই উষ্ণতা ভরা আলিঙ্গন, আমি সারাটা জীবন মনে রাখবো! আমি গোটা বিশ্বকে ধন্যবাদ জানাই তোমার মতো একটা মানুষকে জানতে সুযোগ পাওয়ার জন্য। আজ আমরা সকলেই হয়তো বলতে পারি, উনি আমাদের পরিবারের অংশ। কারণ উনি ঠিক সেভাবেই আপন করে নিতেন! অনেক ভালোবাসা নিও ঋষি আঙ্কেল! তোমাকে খুব মিস করবো! ধন্যবাদ তোমাকে, কারণ তুমি একদম তোমার মতো।
আনন্দবাজার/ডব্লিউ এস








