চলমান জলবায়ু সম্মেলন কপ-২৬ চুক্তির সাত পৃষ্ঠার একটি খসড়া প্রকাশিত হয়েছে। বৈশ্বিক জলবায়ু সংকট মোকাবিলা ও পরিবর্তনের বিষয়ে বিভিন্ন দেশগুলোর রাজনৈতিক সিদ্ধান্তের চূড়ান্ত খসড়া শীর্ষ সম্মেলনের শেষে প্রকাশ করা হবে। বিবিসি'র এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
আগামী শুক্রবার এই সম্মেলন শেষ হতে যাচ্ছে। তার আগেই প্রায় ২০০ দেশের প্রতিনিধিরা খসড়া থেকে চূড়ান্ত চুক্তিতে যাওয়ার বিষয়ে কাজ করবেন।
স্কটল্যান্ডের গ্লাসগোতে শুরু হওয়া কপ-২৬ সম্মেলনকে প্যারিস চুক্তি-পরবর্তী সবচেয়ে গুরুত্বপূর্ণ জলবায়ু সম্মেলন হিসেবে বিবেচনা করা হচ্ছে। সম্মেলনে প্যারিস চুক্তি বাস্তবায়নেরই প্রতিশ্রুতি দিচ্ছেন ১২০টি দেশের রাষ্ট্রপ্রধান।
প্রকাশিত প্রাথমিক খসড়ায়, ২১০০ সালের মধ্যে বৈশ্বিক উষ্ণতা যেন ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের অধিক না বাড়ে সে লক্ষ্যে দেশগুলো কীভাবে কাজ করবে তা উল্লেখ করা হয়েছে।
আনন্দবাজার/এজে









