আফ্রিকার দেশ বুরুন্ডির কাউরিসিতে ছয়টি গণকবর থেকে ছয় হাজার বত্রিশটি কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এর পাশাপাশি কয়েক হাজার গুলিও উদ্ধার করা হয়েছে। চলতি বছরের জানুয়ারি থেকে গণকবরের সন্ধানে নামার পর গণকবর থেকে এটিই বেশিসংখ্যক কঙ্কালের সন্ধান। এসব আলামত দেশটির ভেতর সংঘটিত সাম্প্রদায়িক সংঘাতের প্রমাণ দেয়। খবরঃ আনাদোলু ও আলজাজিরার।
বুরুন্ডির ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশনের চেয়ারম্যান ক্লেভার নাদাইকারের বরাত দিয়ে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলুর খবরে জানানো হয়েছে, কবরগুলো থেকে ভুক্তভোগীদের ব্যবহার করা নানা জিনিসও উদ্ধার করা হয়েছে।
নাদাইকার ধারণা করছেন, ১৯৭২ সালের গণহত্যার সময় এভাবে মানুষ মেরে পুঁতে রাখা হয়েছিল।
জানা যায়, দেশটির ইতিহাস দাঁড়িয়ে আছে এমন অনেক কবরের ওপর। দেশটির সাধারণ মানুষ সাধারণত টুটসি ও হুটু সম্প্রদায়ে বিভক্ত। এছাড়া এদেশের নাগরিকরা ঔপনিবেশিক শাসন, গৃহযুদ্ধ ও গণহত্যার শিকার হয়েছেন।
২০০৫ সালে বুরুন্ডিতে গৃহযুদ্ধের অবসান হয়। এর আগে গৃহযুদ্ধের কারণে দেশটির প্রায় তিন লাখের মতো মানুষ প্রাণ হারায়।
দীর্ঘ প্রায় পাঁচ বছর ধরে দেশটির সরকার গণকবরের সন্ধান চালাচ্ছে। অনুসন্ধানে এখন পর্যন্ত চার হাজারটি কবরের খোঁজ পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এসব কবরে দেড় লাখের মতো মানুষকে কবর দেয়া হয়েছে।
আনন্দবাজার/শাহী









