- বন্ধের দাবি ব্যবসায়ীদের
- রাজস্ব হারাচ্ছে সরকার
- পণ্যবাহি ট্রাক থেকে আদায় ৩০ থেকে ৩৫ হাজার
- অর্থিক ক্ষতির মুখে বাংলাদেশি আমদানিকারকরা
ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরে পন্যবাহী ট্রাকের সিরিয়ালের নামে চাঁদাবাজি’র প্রতিবাদে কর্মবিরতি ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টা থেকে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে দু’ঘন্টা কর্মবিরতি ও মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, স্থানীয় ব্যবসায়ী নাজমুল আলম মিলন ও আনসার আলীসহ কিছু ব্যবসায়ীর যোগসাজশে সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরের বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গায় কাস্টমস্ শুল্ক স্টেশনের পার্শ্ববর্তী বেসরকারি পার্কিংগুলোতে সিরিয়ালের নামে চাঁদাবাজি করা হচ্ছে। যা প্রতিপণ্যবাহী ট্রাকের জন্য ৩০ থেকে ৩৫ হাজার টাকা। এতে বাংলাদেশি আমদানিকারকরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন। যে জন্য ভারত থেকে আনা আমদানিজাত পণ্যের মূল্য ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। দেশের অন্যান্য বন্দরের তুলনায় এ বন্দরে আমদানি ব্যয় বৃদ্ধি পাওয়ায় আমদানিকারকরা এ বন্দর ত্যাগ করছে। এতে ভোমরা স্থলবন্দর থেকে সরকার রাজস্ব হারাচ্ছে। এভাবে চলতে থাকলে এ স্থলবন্দরটি বন্ধ হওয়ার উপক্রম হবে। অবিলম্বে চাঁদাবাজি বন্ধের দাবি জানান বক্তারা।
এদিকে সংগঠনটির আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপন বলেন, চাঁদাবাজি যদি বন্ধ না হয় তাহলে ৩০ জানুয়ারি তিনঘণ্টা কর্মবিরতি ও মানববন্ধন, ৩১ জানুয়ারি চারঘণ্টা কর্মবিরতি ও মানববন্ধন করার ঘোষণা দেন। দাবি বাস্তবায়ন না হলে আগামী ১ ফেব্রুয়ারী থেকে লাগাতার কর্মবিরতি পালন করা হবে বলে হুশিয়ারি দেন তিনি।
ভোমরা স্থলবন্দরের সিএন্ডএফ এজেন্টস্ এসোসিয়েশনের আহবায়ক শেখ এজাজ আহমেদ স্বপনের সভাপতিত্বে ও সদস্য মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিএন্ডএফ’র আহবায়ক কমিটির সদস্য রামকৃষ্ণ চক্রবর্তী, মো. মিজানুর রহমান, আমির হামজা প্রমুখ।
আননন্দবাজার/এম.আর









