মহামারী করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিয়ে ও লোক সমাগম হয় এমন সব সামাজিক অনুষ্ঠান নিষিদ্ধ করছে ইরান। শনিবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এ আহ্বান জানান দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি।
এরপরই এক পুলিশ কর্মকর্তা রাজধানী তেহরানে বিয়ে ও অন্ত্যেষ্টিক্রিয়ার মত সব ধরনের অনুষ্ঠান আয়োজন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকার ঘোষণা করেন।
এর আগে ডিসেম্বরে চীনের উহান শহর থেকে বিশ্বজুড়ে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরই এই মহামারীর বিস্তার রোধে বেশ কিছুদিন লকডাউনে ছিল ইরান। যদিও অর্থনীতি বাঁচাতে গত এপ্রিলের মাঝামাঝি থেকে দেশটির সরকার ধীরে ধীরে লকডাউন শিথিল করার সিদ্ধান্ত নেয়।
গতকাল (১১ জুলাই) ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যানুযায়ী দেশে কোভিড-১৯ এ আক্রন্ত হয়ে এখন পর্যন্ত ১২ হাজার ৬৩৫ জনের মৃত্যু হয়েছে। আর এতে মোট আক্রান্ত হয়েছে দুই লাখ ৫৫ হাজার ১১৭ জন।
হাসান রুহানি বলেন, আমাদের অবশ্যই দেশজুড়ে বিয়ে ও অন্ত্যেষ্টিক্রিয়ার মত সব ধরনের অনুষ্ঠান আয়োজন এবং গণজমায়েত বন্ধ করতে হবে। এটা উৎসব বা সেমিনার আয়োজনের সময় নয়। এছাড়াও চলতি বছর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাও স্থগিত হতে পারে বলে জানান তিনি।
আনন্দবাজার/এম.কে








