করোনার প্রাদুর্ভাবে দূরত্ব বজায় রেখে চলাচল করছে সবাই। যেন করোনাকে প্রতিরোধ করা যায়। কিন্তু তরকারি, মাছ, মাংস ও দুধের মতো পণ্য কিনতে বিক্রেতার সংস্পর্শে যেতেই হচ্ছে। এতে বাড়ছে ক্রেতা-বিক্রেতার শরীরে ভাইরাস সংক্রমণের সম্ভাবনা।
এই সম্ভাবনা দূর করতেই নতুন পন্থা অবলম্বন করলেন ভারতের এক দুধ বিক্রেতা। সম্প্রতি টুইটারে ওই দুধ বিক্রেতার অভিনব পন্তাটি চোখে পড়েছে। ছবিটি ইতোমধ্যেই বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ছবিতে দেখা গেছে, বাইকের পেছনের দিকে অনেকগুলো দুধের ট্যাঙ্ক বাঁধা রয়েছে। সেগুলোর মধ্য থেকে একটি ফানেল রেখেছেন তিনি। যা একটি পাইপের সঙ্গে সংযুক্ত। তিনি ওই ফানেলে দুধ ঢালছেন, আর তা পাইপের মাধ্যমে সরাসরি ক্রেতার বাটির মধ্যে গিয়ে পড়ছে।
তার এ কৌশলের ফলে ক্রেতার সাথে বিক্রেতার দূরত্ব বজায় থাকছে অনেকটা। তাই পরস্পর সংস্পর্শে আসার প্রয়োজন পড়ছে না। তাই সবাই ওই দুধওয়ালার প্রশংসা করছেন। একটু সচেতন থাকলেই বিপদ থেকে নিরাপদ থাকা সম্ভব বলে মনে করেছেন তারা।
দুধ বিক্রেতার সেই ভাইরাল হওয়া ছবিতে হু হু করে বাড়ছে লাইক, কমেন্ট ও শেয়ারের সংখ্যা। কারো কারো মতে ‘সামাজিক দূরত্ব বজায় রাখার ইচ্ছা থাকলে যেকোনো উপায়ে তা বাস্তবায়ন সম্ভব। আর সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন এই দুধ বিক্রেতা।
আনন্দবাজার/তা.তা








