নিখুঁত ভোট গণনার দাবিতে আয়োজিত হাজারো মানুষের নির্বাচনী শোভাযাত্রা সহিংসতায় রূপ নিয়েছে। নিউইয়র্কের ম্যানহাটনের এ ঘটনায় পুলিশ অন্তত ২০ জনকে গ্রেফতার করেছে।
৪ নভেম্বর সন্ধ্যার পর থেকেই ম্যানহাটনে ‘সব ভোট গণনা করা হোক’ ও গণতন্ত্রের জয় হোক এমন স্লোগান নিয়ে এই শোভাযাত্রায় নামে জনতার ঢল। তবে এই শোভাযাত্রায় নির্দিষ্ট কোনো প্রার্থীর পক্ষে স্লোগান ছিল না।
রাত আটটার কিছু আগে ম্যানহাটনের ওয়াশিংটন স্কয়ার পার্ক এলাকার কাছাকাছি ওয়েস্ট ভিলেজে জো বাইডেনের একটি পোস্টারে আগুন দেওয়ার ঘটনা ঘটে এবং এর পরেই পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ওয়েস্ট ভিলেজের ঘটনার পরেই আরেক দল জনতা ওয়েস্ট ফোর্থ স্ট্রিট ও সিক্সথ অ্যাভিনিউয়ে সড়কের পাশে রাখা ময়লার স্তূপে আগুন ধরিয়ে দেয়। পুলিশ সড়ক থেকে তাঁদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং আন্দোলনকারীরা সহিংসতায় জড়িয়ে পরে, ঐ সময় পুলিশ ও আন্দোলনকারীদের সাথে কয়েক দফা ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গ্রেফতার শুরু করে। রাত ১১টা পর্যন্ত ২০ জনকে গ্রেফতারের কথা জানিয়েছে।
নিউইয়র্ক পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশের প্রতি সম্মান দেখানো হবে। তবে সহিংসতা ও লুটপাটের কোনো লক্ষণ দেখা গেলেই দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
আনন্দাবাজার/এহসান









