- পিপলস লিজিং
পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের (পিএলএফএসএল) ২৫ ঋণখেলাপিকে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে তাদের আদালতের নির্ধারিত দিনে উপস্থিত করতে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশও দেওয়া হয়েছে।
এর আগে গত ৭ মার্চ পিপলস লিজিংয়ের ৬৬ ঋণখেলাপিকে তলব করেছিলেন হাইকোর্ট। ওই তলবের পরিপ্রেক্ষিতে আদালতে যেসব ঋণখেলাপি উপস্থিত হননি বা আইনজীবীর মাধ্যমে কোনো ধরনের যোগাযোগ করেননি এমন ২৫ জনকে গ্রেফতার করতে বলা হয়। হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকারের একক (কোম্পানি কোর্ট) বেঞ্চ লিখিত আদেশ দেন। পিপলস লিজিংয়ের আইনজীবী মেসবাহুর রহমান শুভ এ তথ্য জানায়।
৬৬ ঋণ খেলাপিকে তিন ধাপে ১১, ১২ এবং ১৯ এপ্রিল সশরীরে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। অন্যথায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে বলে আদেশে বলা হয়। ৭ মার্চ বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকারের (কোম্পানি কোর্ট) হাইকোর্টের একক বেঞ্চ এ আদেশ দেন।
কোম্পানিগুলোর পক্ষে শুনানিতে অংশ নেওয়া আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান জানায়, এককভাবে ৬৩ প্রতিষ্ঠানের ৬৩ জন এবং অপর একটি প্রতিষ্ঠানের (নাহার ট্রেডিং ইন্টারন্যাশনাল কোম্পানির) চেয়ারম্যান, এমডি ও পরিচালকসহ মোট ৬৬ জনকে তলব করা হয়। তবে আদালত সূত্র বলছে, ৭৭ জনকে তলব করা হয়েছে।
গত বছরের ২১ জুন পি কে হালদার কাণ্ডে আলোচনায় আসা পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডকে পুনর্গঠন করার নির্দেশনা চেয়ে ২০১ জন আমানতকারী হাইকোর্টে আবেদন করেন। সে আবেদনের শুনানি নিয়ে প্রতিষ্ঠানটি পরিচালনার জন্য ১০ সদস্যের একটি বোর্ড গঠন করেন হাইকোর্ট। বোর্ডের চেয়ারম্যান হলেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী কামাল উল আলম।









