সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে ‘গাইডস’ নামের নতুন একটি ফিচার উন্মুক্ত করা হয়েছে। এ ফিচারটি ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা যেসব পণ্য, স্থান বা পোস্ট চায় সেগুলো খুঁজতে ও শেয়ার করতে সহায়তা করবে।
চলতি বছরের মে মাসে পরীক্ষামূলকভাবে চালু হয় ফিচারটি। এরপর থেকে অল্প কিছু ব্যবহারকারী ‘গাইডস’ ব্যবহারের সুবিধা পেতেন। প্রায় ৬ মাস পর এটি সবার জন্য উন্মুক্ত করলো প্রতিষ্ঠানটি।
এক ব্লগ পোস্টে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ বলেছে, আমরা প্রথম যখন গাইডস চালু করি তখন বিশেষজ্ঞ ও নির্মাতাদের বলেছি যে, এটি যেন মানুষের কল্যাণে পরামর্শ প্রদানে ব্যবহার করা যায়। নিজের যত্ন কীভাবে নেবেন, অন্যদের সঙ্গে কীভাবে যোগাযোগ রক্ষা করবেন, করোনাভাইরাসের সময়ে কীভাবে উদ্বেগ দূর করবেন এসব বিষয় শুরুতে গাইডস ফিচারে ছিল।
ইনস্টাগ্রাম জানিয়েছে, ব্যবহারকারীরা এরই মধ্যে এ ফিচারের প্রতি ইতিবাচক মনোভাব দেখিয়েছে। ওই ব্লগ পোস্টে বলা হয়, ব্যবহারকারীদের চাহিদার কারণেই ফিচারটি উন্মুক্ত করে দেওয়া হলো। গাইডসে এখন আরও অনেক বেশি সুবিধা পাওয়া যাবে।
আনন্দবাজার/টি এস পি









