বলিউডের আলোচিত নায়িকা দীপিকা এখন ক্যারিয়ারের সুন্দর সময় পার করছেন। রনবীর সিংকে বিয়ে করলেও ক্যারিয়ারে ভাটা পড়েনি একটুও। সমান তালে সামলাচ্ছেন সংসার আর ক্যারিয়ার দুটোই।
দীপিকা অভিনীত সর্বশেষ ছবি ‘ছপাক’। এই অভিনেত্রী অভিনয়ের বাইরে এটির প্রযোজক হিসেবেও ছিলেন। বক্স অফিসে তেমন সাফল্যের মুখ না দেখলেও প্রশংসিত হয়েছিল দীপিকার কাজ। প্রযোজনায় আর এক ধাপ এগোতে এবার একটি পিরিয়ড হিন্দি ছবি নির্মাণের পরিকল্পনা করছেন দীপিকা।
জানা যায়, চিত্রা বন্দ্যোপাধ্যায় দিবাকারুণির লেখা ‘দ্য প্যালেস অফ ইলিউশনস’ উপন্যাসকে বড় পর্দায় নিয়ে আসার কথা ভাবছেন দীপিকা।। যে উপন্যাসে মহাভারতের কাহিনিকে ধরা হয়েছে দ্রৌপদীর দৃষ্টিভঙ্গি থেকে। দীপিকা দ্রৌপদীর চরিত্রে থাকবেন, তা এক প্রকার নিশ্চিত। অন্যদিকে, কৃষ্ণের চরিত্রের জন্য হৃতিক রোশন এবং দুর্যোধনের চরিত্রে ভাবা হয়েছে দক্ষিণী সুপারস্টার প্রভাসকে।
কিন্তু এই ছবিতে নাকি অভিনয় করবেন না প্রভাস। ভারতীয় গণমাধ্যম জানায় ছবিটিতে অভিনয় করতে প্রভাস প্রথমে রাজি হলেও পরে এই প্রজেক্ট থেকে বেরিয়ে গিয়েছেন।
আনন্দবাজার/এস.কে









