আন্দোলনের ডাকটা দিয়েছেন সোনাম ওয়াংচুক, যিনি লাদাখের বিখ্যাত প্রকৌশলী ও শিক্ষা সংস্কারক। তাকে নিয়েই তৈরি হয়েছিল বলিউডের বিখ্যাত 'থ্রি ইডিয়টস' ছবিতে আমির খানের রাঞ্চো চরিত্র।
জানা যায়, গত চার-পাঁচদিন আগে লাদাখে বসেই একটি ভিডিও ইউটিউবে আপলোড করেন এই 'লিভিং লিজেন্ড'। তিনি জানান, নিজের বহুদিনের সঙ্গী চীনা মোবাইল ফোনটি ত্যাগ করছেন তিনি। শুধু তাই নয়, এক বছরের মধ্যে 'মেইড ইন চায়না' সব জিনিসপত্রই বর্জন করবেন তিনি। প্রত্যেক ভারতীয়কেই একই কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি।
তিনি বলেন, লাদাখের নানা জায়গায় সীমান্ত বা প্রকৃত নিয়ন্ত্রণরেখা পেরিয়ে চীনা সেনাবাহিনীর আগ্রাসনের জবাব ভারতের সেনারা যখন 'বুলেট' দিয়ে দেবেন, তখন সাধারণ নাগরিকদের উচিত 'ওয়ালেট' দিয়ে চীনকে জবাব দেওয়া। অর্থাৎ চীনা পণ্য বয়কট করলেই কেবল তারা সমুচিত বার্তা পাবে, এমনটাই বলেছেন তিনি।
সোনামের ওই ডাক দাবানলের মতো ছড়িয়ে পড়েছে পুরো ভারতজুড়ে। শুধু ইউটিউবেই গত কয়েকদিনে ওয়াংচুকের বার্তা দেখেছেন সাড়ে তিন মিলিয়ন মানুষ। এছাড়া টুইটার, ইনস্টাগ্রামের মতো অন্য প্ল্যাটফর্ম তো আছেই। এতে শাওমি, ওপ্পো, ভিভো'র মতো অজস্র জনপ্রিয় চীনা কোম্পানির মোবাইল ফোন রাতরাতিই বর্জনের অঙ্গীকার করতে শুরু করেছেন সাধারণ মানুষ থেকে শুরু করে সেলিব্রিটিদের অনেকেই।
শুধু মোবাইল ফোনই নয়, চীনের সঙ্গে সামান্যতম সম্পর্ক আছে এমন অ্যাপও বয়কট করছে মানুষ। অনেকেই মোবাইল থেকে টিকটক নামক অ্যাপটি আনইন্সটল করতে শুরু করেছে। এই তালিকায় রয়েছে মডেল ও তারকা মিলিন্দ সোমানের মতো ব্যক্তিত্বও।
আনন্দবাজার/টি এস পি









