বক্তব্য শুনতে নেটে যুক্ত পাঁচ লাখ মানুষ
ইমরানের বক্তব্য
- আমদানি করা সরকার চাই না
- ইসলামাবাদ সমাবেশের হুঙ্কার
- ফোনকলের জন্য প্রস্তুত থাকুন
ক্ষমতা হারানোর পর ইন্টারনেটে রীতিমতো ঝড় তুলেছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারের একটি স্পেস সেশনে তার বক্তব্য শুনতে যোগ দিয়েছিলেন বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রায় পাঁচ লাখ মানুষ। অপেক্ষাকৃত নতুন এই ফিচারটিতে একসঙ্গে এত গ্রাহক আগে কখনোই দেখেনি টুইটার।
এদিকে সদ্যসাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান লাহোর সমাবেশে তার সমর্থকদের উদ্দেশ্যে বলেছেন, ইসলামাবাদে সমাবেশে অংশ নিতে ফোনের জন্য অপেক্ষা করুন। গত বৃহস্পতিবার লাহোরের মিনার-আই-পাকিস্তানে ভাষণ দেওয়ার সময় তার পরবর্তী পদক্ষেপ হিসেবে সমর্থকদের এ আহ্বান জানান তিনি।
এক ঘণ্টারও বেশি সময় ধরে দেওয়া ভাষণে ইমরান খান বলেন, তার প্রতিদ্বন্দ্বীরা যদি ভাবতে থাকেন যে লাহোর সমাবেশের পর কী ঘটবে, তাহলে তাদের কাছে তার বার্তা হলো প্রকৃত পিটিআইয়ের কাজ সবে শুরু হয়েছে। শুধু পিটিআই নেতাদের নয়, সব পাকিস্তানিকেই সমাবেশে অংশ নিতে আহ্বান জানাবেন তিনি। ইমরান আরও বলেন, গ্রামে, শহরে যে যেখানে থাকুন সবাই প্রস্তুত থাকুন। আপনারা অপেক্ষা করুন, ইসলামাবাদে আসতে আমার ফোনকলের জন্য।
পিটিআই চেয়ারম্যান স্পষ্ট করে বলেন, আমি কোনো সংঘর্ষ চাই না। আমরা আমাদের দেশের ক্ষতি করবো না, তবে এই ‘আমদানি’ করা সরকার আমরা চাই না। আন্দোলন ফলপ্রসূ হওয়ার আশাবাদ ব্যক্ত করে ইমরান বলেন, শিগগির নির্বাচন দিতে হবে। ইমরান খান দেশটির প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সিকান্দার সুলতান রাজাকে পিটিআই-এর বিরুদ্ধে পক্ষপাত করার অভিযোগ করে বলেন, তার ঝোঁক এতটাই স্পষ্ট যে তাকে পিএমএল-এন অফিসে পদ দেওয়া উচিত।
চ্যালেঞ্জ জানিয়ে পিটিআই চেয়ারম্যান বলেন, আপনি যদি সাহস করেন তবে আমাদের মামলাগুলো সম্মিলিতভাবে শুনুন। জাতি জানে যে কে সঠিক চ্যানেলের মাধ্যমে অর্থ সংগ্রহ করেছে এবং কারা অবৈধ অর্থ সংগ্রহ করে। তোষাখানা থেকে যা নিয়েছেন তা রেকর্ডে আছে। রাষ্ট্রীয় তোষাখানার খরচের ৫০ শতাংশ পরিশোধ করার কথাও বলেন তিনি। তিনি এটাও দাবি করেন যে পিটিআই সরকার উপহার ধরে রাখার নীতি পরিবর্তন করেছে এবং দাম ১৫ থেকে ৫০ শতাংশ বাড়িয়েছে।
তার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন ইমরান খান। এর আগে, বক্তব্যের শুরুতে ইমরান খান লাহোর সমাবেশে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। তোষাখানার বিস্তারিত জানাতে ইসলামবাদ হাইকোর্টে একটি পিটিশন দায়ের করা হয়েছে সম্প্রতি। এক প্রশ্নের জবাবে পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ ইমরান খান উপহার বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ করেন।
এদিকে পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতার মধ্যেই দেশটিতে সফর করছেন মার্কিন আইনপ্রণেতা ইলহান ওমর। মার্কিন কংগ্রসের আইনপ্রণেতা ইলহান ওমর পাকিস্তানের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। এ নিয়ে পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে চলছে আলোচনা সমালোচনা। অবশ্য এ প্রসঙ্গে মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, ইলহান ওমরের সফর সরকারি নয়।









