নির্বাচন কমিশন গঠনে অনুসন্ধান কমিটি প্রাথমিকভাবে ২০ জনের তালিকা তৈরি করেছে। গতকাল শনিবার সার্চ কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) সামসুল আরেফিন।
তিনি বলেন, বৈঠক শেষে আমরা প্রাথমিকভাবে ২০ জনের নামের একটি তালিকা করেছি। তালিকা থেকে আগামী দিনে আরও দু-একটি বৈঠক শেষে ১০ জনের নাম চূড়ান্ত করা হবে।
রবিবার বিকেলে তালিকা চূড়ান্ত করতে আরেকটি বৈঠক হবে বলেও জানান তিনি। ১০ জনের নামের তালিকা চূড়ান্ত করে কমিটি রাষ্ট্রপতির কাছে পাঠাবে। বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে বৈঠকটি শুরু হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন সার্চ কমিটির সভাপতি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসান। এতে উপস্থিত ছিলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম কুদ্দুস জামান, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।
বৈঠক শেষে সিদ্ধান্তগুলো নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব।
যে ২০ জনের প্রাথমিক তালিকা করা হয়েছে, সেগুলো প্রকাশ করা হবে কিনা জানতে চাইলে তিনি আগামী বৈঠকের জন্য অপেক্ষা করতে হবে।
আনন্দবাজার/শহক








