আলুর ন্যায্য দাম নিশ্চিত করাসহ বিভিন্ন দাবিতে রংপুরে আলু চাষিরা এ অবরোধ করে
দেশের সবচেয়ে বেশী আলু উৎপাদনকারি এলাকা হিসেবে খ্যাত রংপুরে আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করা এবং বিদেশে রপ্তানির ব্যবস্থা করে আলু চাষিদের পুঁজি রক্ষার দাবিতে রংপুর মহানগরীর মাহিগজ্ঞ সাতমাথায় রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট মহাসড়কে আলু ফেলে প্রতিবাদ জানিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে আলু চাষিরা।
এর আগে গতকাল সোমবার দুপুর ১২টার দিকে শত শত আলু চাষি রংপুর নগরীর মাহিগজ্ঞ সাতমাথা এলাকায় রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট মহাসড়কে শত শত বস্তা আলু ফেলে দিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। দেড় ঘণ্টাব্যাপি মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করায় রংপুর কুড়িগ্রাম লালমনিরহাট মহাসড়কে সকল যান চলাচল বন্ধ হয়ে যায়।
সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন আলু চাষি মোজাম্মেল হক , আফতাব উদ্দিন, সাহেব আলীসহ অন্যান্য কৃষকরা। সমাবেশে আলু চাষিরা অভিযোগ করেন চলতি মৌসুমে রংপুরে রেকর্ড পরিমান আলু উৎপাদিত হয়েছে। তবে কোল্ড স্টোরেজ ভাড়া বৃদ্ধিসহ আলুর দাম আশংকাজনক কমে যাওয়ায় তাদের উৎপাদিত আলু পানির দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। তারা জানান, এক কেজি আলু উৎপাদন করতে খরচ পড়ছে ১১ থেকে ১৩ টাকা। সেই আলু বিক্রি করতে হচ্ছে ৮ থেকে ৯ টাকা কেজিতে। এতে তাদের উৎপাদন খরচ উঠছেনা। উল্টো চড়া সুদে ঋণ নিয়ে সেই ঋণের টাকা পরিশোধ করতে পারছেনা। তার উপর পরিবার পরিজন নিয়ে মানবেতর দিন কাটছে তাদের। আলু চাষিরা বিদেশে আলুর ব্যাপক চাহিদা থাকা সত্বেও আলু বিদেশে রপ্তানির কার্যকরি ব্যবস্থা নেয়া হচ্ছেনা। এমন অবস্থায় জরুরি ভিত্তিতে বিদেশে আলু রপ্তানি করার সুযোগ তৈরি করা হলে এ লোকসান থেকে রক্ষা পাবেন তারা। পরে পুলিশের উর্ধতন কর্মকর্তারা এসে তাদের দাবি যথাযথ কর্তৃপক্ষকে জানাবেন আশ্বাস দিলে দুপুর ২টার দিকে আলু চাষিরা অবরোধ তুলে নেয়।









