চলমান করোনা পরিস্থিতিতে মানুষ ঘরে থাকার কারণে বেড়েছে ব্যান্ডউইথের ব্যবহার। জানা যায়, গত ২ সপ্তাহে দেশে ব্যান্ডউইথের ব্যবহার বেড়েছে ১১ দশমিক ২৯ শতাংশ।
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার গত শুক্রবার (১০ এপ্রিল) রাতে তার ভেরিফাইড ফেসবুক পেইজে একটি স্ট্যাটাসে লেখেন, ২৫ মার্চ ব্যান্ডউইথের ব্যবহার ছিল এক হাজার ৪০০ জিবিপিএস। আর ৯ এপ্রিল এ ব্যবহার ওঠে আসে ১ হাজার ৫৫৮ জিবিপিএস-এ। 'ব্যান্ডউইথ এখন শ্বাসপ্রশ্বাসের মতো অতি প্রয়োজনীয়' বলেন জব্বার।
তিনি জানান, করোনার প্রভাবে বাংলাদেশের ব্যান্ডউইথ ব্যবহার বেড়েছে ১১ শতাংশ। যেখানে জানুয়ারি মাসে আমাদের ব্যান্ডউইথ সর্বোচ্চ ১ হাজার ২৭০ জিবিপিএস ব্যবহৃত হয়েছিল। গত ২৫ মার্চ সেটি ১ হাজার ৪০০ জিবিপিএসে পৌঁছায়। কিন্তু ৯ এপ্রিল সেটি হয়ে ওঠে ১ হাজার ৫৫৮ জিবিপিএসে।
দিনের কখন কি পরিমাণ ব্যবহার হয় তার একটি গ্রাফও নিজের পেইজে শেয়ার করেছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার।
আইএসপিএবি এবং মোবাইল অপারেটরদের সূত্রে জানা গেছে, মানুষ আগের চেয়ে এখন অনেক বেশি ভিডিও কনটেন্ট দেখছে। সে কারণে ইউটিউব এবং ফেসবুকের ব্যবহার অন্য যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ পর্যায়ে আছে। তাছাড়া মোবাইল ফোনের মাধ্যমে বিভিন্ন অ্যাপ ব্যবহার করে মানুষের কথা বলা এবং ভিডিও কল বেড়েছে। এর বাইরেও মানুষ আগের চেয়ে বেশি সময় পার করছেন ইন্টারনেটে।
আনন্দবাজার/তা.তা









