শরীরে আগুন ধরিয়ে ইরিনা স্লাভিনা নামক একজন রাশিয়ান প্রবীণ সাংবাদিক আত্মহত্যা করেছেন। দেসটির কোজাপ্রেস নামের একটি নিউজ ওয়েবসাইটের প্রধান সম্পাদক ছিলেন তিনি।
গতকাল শুক্রবার একটি ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়েছে। ফুটেজে দেখা গেছে, রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি ভবনের সামনে নিজের শরীরে আগুন ধরিয়ে দিয়েছেন তিনি। তারপর মারাত্মক দগ্ধ অবস্থায় তার মরদেহ পেয়েছে রুশ কর্তৃপক্ষ।
এর আগে গত বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে ইরিনা স্লাভিনা লিখেন, আমার মৃত্যুর জন্য রাশিয়ান ফেডারেশন দায়ী। বাসায় পুলিশী তল্লাশি চালানোর পর ওই পোস্ট দেন তিনি।
তিনি জানান, গণতন্ত্রপন্থী গ্রুপ ‘ওপেন রাশিয়া’র সঙ্গে সংশ্লিষ্ট সরঞ্জাম খোঁজার নামে তার ফ্লাটে তল্লাশি চালিয়েছে পুলিশ। সেখান থেকে তার কম্পিউটার ও বিভিন্ন তথ্য জব্দ করা হয়েছে। একই দিন নিজনি নভগ্রোড শহরের আরও ছয় ব্যক্তির বাড়িতে তল্লাশি চালানো হয়। ‘ওপেন রাশিয়া’র বিরুদ্ধে শুরু হওয়া এক তদন্তের অংশ হিসেবে এসব তল্লাশি চালানো হয়।
রাশিয়ান তদন্তকারী কমিটি ইরিনা স্লাভিনার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। কিন্তু এই মৃত্যুর সঙ্গে ওই সাংবাদিকের ফ্লাটে তল্লাশি চালানোর কোনও সংযোগের রয়েছে বলে অস্বীকার করেছে তারা।
আনন্দবাজার/টি এস পি








