করোনা ভাইরাস মহামারি আতঙ্কে দেশজুড়ে চলছে লকডাউন। যার কারণে সব ছাপাখানা বন্ধ রাখা হয়েছে। চলমান লকডাউন দিন দিন শুধু দীর্ঘতর হচ্ছে। ফলে স্থবির হয়ে পড়েছে মুদ্রণ ব্যবসা। এমন অবস্থায় কর্মকর্তা-কর্মচারীদের চার মাসের বেতন পরিশোধে জন্য ২ শতাংশ হার সুদে স্ব-স্ব ব্যাণিজিক ব্যাংক থেকে ঋণ প্রদানে প্রধানমন্ত্রীর নির্দেশনা কামনা করেছে বাংলাদেশ মুদ্রণ শিল্প সমিতি। রবিবার এ সংক্রান্ত একটি আবেদন করা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ে।
আবেদনে জানানো হয়, সরকারের ঘোষিত আর্থিক সহায়তা প্যাকেজের আওতায় বাংলাদেশের মুদ্রণ শিল্পে কর্মরত শ্রমিক কর্মচারীদের মার্চ, এপ্রিল, মে, জুন মাসের বেতন এবং পবিত্র ঈদুল ফিতরের উৎসব ভাতার সমপরিমাণ অর্থ ২ শতাংশ হার সুদে স্ব-স্ব ব্যাণিজিক ব্যাংক থেকে ঋণ প্রদানে প্রধানমন্ত্রীর নির্দেশনা কামনা করছি।
এর সাথে দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে ঘোষিত ঋণ সহায়তা দেশের মুদ্রণ প্রতিষ্ঠান সমূহের প্রাপ্তিতে গতিশীল এবং সহজতর করার জন্য নির্দেশনা দাবি করেছে সমিতি।
আবেদনে আরও জানানো হয়, আজ বেকার হয়ে পড়েছে দেশের প্রায় সাত হাজার মুদ্রণ প্রতিষ্ঠান এবং এর ওপর নির্ভরশীল প্রায় পাঁচ লাখ কর্মজীবী মানুষ। যার কারণে এই শিল্পের শ্রমিক-কর্মচারীদের এপ্রিল-মে-জুন মাসের বেতন এবং আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতরের উৎসবভাতা পরিশোধ করা অসম্ভব।
আনন্দবাজার/এস.কে









